ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

স্রোতে ভেসে গেলেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র, উদ্ধার হলো মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ২৫ জুলাই ২০২৩
স্রোতে ভেসে গেলেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র, উদ্ধার হলো মরদেহ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমেছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র। আচমকা আসা একটি বড় স্রোতে ভেসে গেলেন এদেরই দুইজন। অতঃপর উদ্ধার হলো দুই মরদেহ। সৈকত এলাকা থেকে সোমবার রাত ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সোমবার (২৪ জুলাই) বিকেলে একরাম হোসেন নামের এক বন্ধুর সঙ্গে দুই ছাত্র বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, একটি মরদেহ পাওয়ার পর আশপাশে খোঁজাখুঁজি করে কিছুটা দূরে আরেকটি মরদেহ মিলেছে।

Advertisement

প্রাণ হারানো দুজন হলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগের শিক্ষার্থী আলী আহসান মারুফ (২৩) এবং কুরআনিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী এনায়েত চৌধুরী (২২)।

নিহতদের সহপাঠীরা জানান, তারা উপজেলার গুল আহমদ জুট মিল এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সোমবার সন্ধ্যার দিকে তিন বন্ধু মিলে বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যায়।

পরে তিনজন একসঙ্গে সাগরে নামেন। এ সময় হঠাৎ একটি তীব্র স্রোত এলে একজন কোনো রকমে তীরে উঠে আসলেও বাকি দুইজন স্রোতের টানে ভেসে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফিরে আসে ফায়ার সার্ভিস।

এর মধ্যে রাত ১০টার দিকে সৈকতে ভেসে আসা মরদেহ দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদরঘাট নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক বিদ্যুৎ কুমার জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!