সাজেক গিয়ে অপহৃত ঢাবি শিক্ষার্থী দীপিতা চাকমা
বিভাগীয় ট্যুরে গিয়ে রাঙামাটি জেলার সাজেকে দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপিতা চাকমা।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দীপিতা লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছেন।
.png)
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান দীপিতার অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বার্ষিক ট্যুরে বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৩২ জনের একটি দল গতকাল মঙ্গলবার রাতে রাঙ্গামাটির সাজেকের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বুধবার দুপুরে সাজেক যাওয়ার পথে তাদের গাড়ি আটক করেন দুর্বৃত্তরা। পরে ঐ শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেক যাচ্ছিল। পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিতা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঐ পর্যটককে উদ্ধারে কাজ শুরু করেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, বাকি পর্যটকরা সাজেকে সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে। দীপিতা চাকমাকে উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।
স্থানীয়ভাবে জানা যায়, দীপিতা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দীপিতাকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে।