ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবি শিক্ষার্থীর মৃত্যু শোকে চলে গেলেন বোনও

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৪
রাবি শিক্ষার্থীর মৃত্যু শোকে চলে গেলেন বোনও
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স শেষ করেন মুরাদ মৃধা। তবে তিনি পরিবারের হাল ধরার আর সুযোগ পেলেন না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মুরাদের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে গতকাল রাতেই হৃদরোগে আক্রান্ত হন তার চাচাতো বোন দোলেনা বেগম। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নাটোর সদর হাসপাতালে মারা যান তিনিও।

মঙ্গলবার সকালে মুরাদ মৃধার গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রামের খাটাসখৈল গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর বেলা ১১টায় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। 

Advertisement

এর ১০ দিন আগে মুরাদ ডেঙ্গুতে আক্রান্ত হন বলে স্বজনরা জানিয়েছেন। পরবর্তীতে তিনি কিডনি জটিলতায় ও লিভার সিরোসিসে আক্রান্ত হন। মুরাদ মৃধা খাটাসখৈল গ্রামের আব্দুস সাত্তারের দুই ছেলের মধ্যে ছোট। 

মুরাদের বাবা আব্দুস সাত্তার মৃধা জানান, অন্যের খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে বাজারে বিক্রি করতেন। গুড় বিক্রির টাকা দিয়ে কোনো রকমে সংসার চালাতেন। বাড়ি ঘর তেমন একটা করতে পারেননি। উপার্জনের বড় অংশ ব্যয় করেছেন দুই ছেলের পড়াশোনায়। বড় ছেলে মুন্না মৃধা। তিনি গত বছর মাস্টার্স শেষ করে স্কয়ার কোম্পানিতে কর্মকর্তা পদে চাকরি করছেন। ছোট ছেলে মুরাদ আহমেদ মৃধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। এক মাস আগে তার অনার্স পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। স্বপ্ন ছিল পড়া লেখা শেষ করে বিসিএস ক্যাডার হবে। 

তিনি আরো বলেন, মুরাদ ২৬ জানুয়ারি বাড়ি এসে জ্বরে আক্রান্ত হয়। সঙ্গে বমি ছিল। স্থানীয় একজন চিকিৎসককে দেখালে তিনি পরীক্ষা নিরীক্ষা করাতে দেন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পড়ে। পাঁচদিন চিকিৎসা করার পরও সুস্থ না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!