ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ১ম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা, নবাগতদের উপাচার্যের শুভেচ্ছা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ঢাবিতে ১ম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা, নবাগতদের উপাচার্যের শুভেচ্ছা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। ক্লাস শুরুর প্রাক্কালে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শ্রেণিকার্যক্রম শুরু হতে যাচ্ছে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ, তাদের জন্যও নিশ্চয় দিনটি আনন্দের। আমি বিশ্বাস করি, তোমরা বাংলাদেশের সেরা মেধাবীদের অংশ। তোমাদেরকে পেয়ে আমরাও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন সব শিক্ষার্থীকে আমি স্বাগত জানাই।

Advertisement

উপাচার্য বলেন, শতাব্দীর অধিককাল ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের রাজনৈতিক- সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসের পরিবর্তন ও অগ্রযাত্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের। সাম্প্রতিক জুলাই বিপ্লব ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে নিয়ে এসেছে আমাদের। এই নব অভিযাত্রার অগ্রসৈনিক তোমরা। এখন তোমাদের জীবনেরও সন্ধিক্ষণ। 
আমি আশা করি, পড়াশোনার পাশাপাশি নিজেকে তৈরি করার সমস্ত সুযোগ তোমরা গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদার, উন্মুক্ত প্রান্তর জীবনের বোধ ও উপলব্ধিকে পূর্ণ করে। এখানে ব্যক্তির প্রতিভার বিকাশ ও প্রকাশের বহুমাত্রিক সুযোগ ঘটে। তোমাদের সামনে চলার পথে আমার দোয়া ও শুভকামনা রইল।

বার্তায় উপাচার্য আরো বলেন, শিক্ষার পরিবেশ আমরা যত নিবিড় করতে পারব, শিক্ষার চাহিদা আমরা যত পূরণ করতে পারব, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ও দেশীয় ক্ষেত্রে তত প্রশংসিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার পথে আমরা সবাই একই সঙ্গে কাজ করতে চাই। ছাত্র-জনতার সম্মিলিত অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লব-উত্তর বৈষম্যহীন বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রাঙ্গণে তোমাদের আবারো আন্তরিকভাবে স্বাগত জানাই। এ বিপ্লবে যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন এবং অংশ নিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও অভিবাদন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!