৩ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং (শর্ত সাপেক্ষে উন্মুক্ত) দাবিতে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন শেষে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে ৩৫ প্রত্যাশীরা। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তিন কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান, এর মধ্যে প্রজ্ঞাপন জারি করা নাহলে নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা।
সোমবার (১৪ অক্টোবর) সাড়ে ৭টায় ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন।
হারুন বলেন, আমরা সকাল সাড়ে ৮টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছি। বিকেল সাড়ে ৪টায় অবস্থান কর্মসূচি থেকে তিনদিনের আলটিমেটাম দিয়ে আমরা শাহবাগ ত্যাগ করেছি। আমাদের দাবি সুস্পষ্ট, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বাস্তবায়নে প্রজ্ঞাপন চাই। এই সময়ের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয়, পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
.png)
এদিকে সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের বয়সসীমা ৩৫ বছর ও নারীর ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান এসব এ তথ্য জানান। তিনি বলেন, চাকুরিতে বয়স বাড়ানোর বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এছাড়া অবসরের বিষয়ে কোনো সুপারিশ করা হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন মুয়ীদ চৌধুরী।