নোবিপ্রবি: এসিসিই বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের দাবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীদের সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সংগঠনের সভাপতি তানজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আমির হামজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের জন্য তাদের পক্ষ থেকে দাখিলকৃত স্মারকলিপি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক। এ লক্ষ্যে এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গত ২৫ সেপ্টেম্বর উপাচার্যের নিকট যথাযথ দালিলিক প্রমাণাদিসহ শিক্ষার্থীদের এই দাবি তুলে ধরেছে।
এসিসিই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনটির দাবি, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে এই দাবি ন্যায়সংগত ও অত্যন্ত প্রয়োজনীয়।