চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে শাহবাগে সমাবেশের ডাক
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশীরা। আগামী ২৪ নভেম্বর ঐ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
রোববার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা।
৩৫ প্রত্যাশী আন্দোলনের অন্যতম সংগঠক আল-আমিন রাজু বলেন, দীর্ঘ ১২ বছর ধরে ৩৫ দাবিতে আন্দোলন করে আসছি। সেখানে ৩৫ বাস্তবায়ন না করে ৩২ করা হয়েছে। আমরা তো ৩২ এর জন্য আন্দোলন করিনি। আমরা চাই, অবিলম্বে যেন চাকরির বয়সীমা ৩৫ করা হয়।
.png)
শাহবাগে সমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ২৪ নভেম্বর সকাল ১১টায় শাহবাগের প্রজন্ম চত্বরে ৩৫ দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে সারা বাংলাদেশ থেকে ৩৫ প্রত্যাশী ভাই-বোনেরা অংশ নেবেন। এ সরকারকে বার্তা দিতে চাই, সামনে ৪৭ তম বিসিএস রয়েছে, এর মধ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আমাদের দাবিটি মেনে নিন। আমরা আর রাজপথে থাকতে চাই না।
এসময় অন্যদের মধ্যে ৩৫ প্রত্যাশী আন্দোলনের সঙ্গে যুক্ত সঞ্জয় দাস, আবুল হাসনাত, মাহবুবুর রহমান, এম আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।