শিক্ষার্থীরা ক্লাসমুখী হলে কিশোর অপরাধ কমবে: নোবিপ্রবি উপাচার্য
শিক্ষার্থীরা ক্লাস ও পড়ালেখায় মনোযোগ দিলে সমাজে কিশোর অপরাধ অনেকাংশে কমে যাবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নোয়াখালীর সোনাপুর কলেজে অভিভাবক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি ইসমাইল সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মো. আবুল বাশার, সোনাপুর কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হুসাইন, উপাধ্যক্ষ জাফর আহমেদ ভূঁইয়া ও কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মো. ফয়সল এলাহী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আরো বলেন, ক্লাসগুলোকে দৃষ্টিনন্দন এবং আনন্দময় করা যেমন একজন শিক্ষকের দায়িত্ব তেমনি একজন শিক্ষার্থীর দায়িত্ব শিক্ষকগণ ক্লাসে যা যা বলেন তা অনুসরণ করা এবং দায়িত্বের সঙ্গে তা পালন করা। যদি ছাত্রছাত্রীরা কথা না শোনেন তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কোথাও ঘাটতি রয়েছে। এক্ষেত্রে আমরা তাদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে পারি।
তিনি বলেন, টেকনিক্যাল বা হাতে কলমে শিক্ষা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে হবে।
সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রশিদ আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মো. হাবিবুর রহমান।
এ সময় সদ্য প্রয়াত সোনাপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মু. মুস্তাফিজুর রহমানের শোক প্রস্তাব উপস্থাপন করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মাহমুদ হোসেন।