ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইবিতে আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র চালুর ঘোষণা উপাচার্যের

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ১৭ ডিসেম্বর ২০২৪
ইবিতে আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র চালুর ঘোষণা উপাচার্যের
ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র ও ফ্যাকাল্টি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ডিনস কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিষয়টি বলেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের এ আয়োজন করে।

Advertisement

এসময় ডিনস কমিটির আহ্বায়ক ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপ- উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস এর পরীক্ষাকেন্দ্র করার লক্ষে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার জন্য আইআইইআর-এর পরিচালককে বলা হয়েছে। এখানে আইইএলটিএস-এর পরীক্ষাকেন্দ্র করলে অনেকেই অনুপ্রাণিত হবেন। আমরা নিয়মিতভাবে জার্নাল বের করার চেষ্টা করব।

তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে, এটিকে নিজের বিশ্ববিদ্যালয় হিসেবে চিন্তায় ধারণ করে আমি সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য সবার সঙ্গে কাজ করে যেতে চাই। তিনি ছাত্রদের একাডেমিক সমস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানে তৎপর থাকার জন্য ডিন এবং সভাপতিবৃন্দের প্রতি আহ্বান জানান।

এ সময় উপাচার্য প্রত্যেক বিভাগে ক্লাস ঠিকমতো হচ্ছে কিনা, তাদের রুটিন এর অবস্থা কি এগুলো তদারকির জন্য ডিনদের প্রতি আহ্বান জানান। তিনি বিভাগগুলোতে প্রতি মাসে একাডেমিক কমিটির সভা করার নির্দেশ দেন। সেখানে শিক্ষার্থীদের কোর্সের অগ্রগতি নিয়ে আলোচনারও পরামর্শ দেন তিনি। বিভাগের সভাপতি হিসেবে ছাত্রদের কথা শুনবেন। শিক্ষার্থীরা যদি কোনো দাবি নিয়ে আসে, তা যৌক্তিক কিংবা অযৌক্তিক হোক, তাদেরকে বোঝাবেন। ওদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সন্তুষ্ট রাখা যাবে দুইভাবে- ক্লাস নিয়মিত হওয়া এবং পরীক্ষা ঠিক সময়ে নেয়া।

অনুষ্ঠানে ডিনদের পক্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, জীব বিজ্ঞান অনুষদের অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, বিভাগীয় সভাপতিদের পক্ষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম এবং চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. কামরুল হাসান বক্তব্য দেন।

এর আগে অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক এবং অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা, বই ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!