ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে শিক্ষার্থীদের আন্দোলন, শাটল ট্রেনের শিডিউল বিপর্যয়

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ৩০ ডিসেম্বর ২০২৪
চবিতে শিক্ষার্থীদের আন্দোলন, শাটল ট্রেনের শিডিউল বিপর্যয়
ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটলে নিরাপত্তা নিশ্চিত, দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শাটল ট্রেন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে শুরু হয় আন্দোলন। ফলে ক্যাম্পাস থেকে শহরগামী দুপুর ১টা ও ২টার শাটল ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। পরে সোয়া ২টায় শাটল ট্রেন ক্যাম্পাস ছেড়ে যায়।

শিক্ষার্থীরা শহিদ মিনার থেকে শোডাউন নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় মূল ফটক ও শাটল ট্রেন আটকে দুপুর ২টা পর্যন্ত চলে এই আন্দোলন। সেই সঙ্গে প্রশাসনের কাছে ৪ দফা দাবি পেশ করা হয়।

Advertisement

দাবিগুলো হলো-
দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; শাটলে শুধুমাত্র শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করা ও বহিরাগতদের অনুপ্রবেশ স্থায়ীভাবে রোধ করতে কঠোরতম ব্যবস্থা নেয়া; প্রতিটি শাটল বগিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কমপক্ষে একজন করে পুলিশ মোতায়ন করা; ভুক্তভোগী শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বহন করা।

এ সময় চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীন বলেন, আমরা আহত শিক্ষার্থীদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। শাটলে নিরাপত্তার বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা সর্বোচ্চ নিরাপত্তা দেবেন বলে আশ্বস্ত করেছেন।

তিনি আরো বলেন, আগামীকাল ছাত্র প্রতিনিধিদের নিয়ে আমরা আলোচনায় বসব। সেখানে নিরাপত্তা বলয় শক্তিশালী করতে কী কী পদক্ষেপ নেয়া যায় সেগুলো আলোচনা করা হবে।

চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, অত্র এলাকার ডিআইজির সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি অবহিত করেছি। তারা দ্রুত তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন। রাতেই ৫-৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!