ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান ডেপুটি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান ডেপুটি স্পিকারের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ-উল আমীন অডিটরিয়ামে প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কায়সার কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস রয়েছে। দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদের সেই ঐতিহ্য ধারণ করে এগিয়ে যেতে হবে।

Advertisement

তিনি বলেন, শুধু ক্যারিয়ার গড়ে তুললেই হবে না; দেশ ও মানুষের জন্য কাজ করার মানসিকতাও তৈরি করতে হবে। নিজেদের মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর পাশাপাশি জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাহিত্যচর্চাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ দেন উপাচার্য।

প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম।

নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শারমিন মূসা অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিভাগের পরিচিতি তুলে ধরেন প্রভাষক আশিকুর রহমান সমী। নবীনদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন সাদিয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক জান্নাতুন নাহার ঝিনু ও অনিকা তাবাসসুম।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাগরণী গান পরিবেশনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সূচনা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমকে/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!