ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

একাদশে ভর্তির ফল, আসন পেল না ৫১২৯ শিক্ষার্থী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:১৭, ৬ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির ফল, আসন পেল না ৫১২৯ শিক্ষার্থী
সংগৃহীত ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এতে আবেদন করেও কোনো কলেজে আসন বরাদ্দ পায়নি ৫ হাজার ১২৯ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ৩২১ জন।

সোমবার (৫ অক্টোবর) রাতে একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফল প্রকাশ করা হয়। ফলাফলের সারসংক্ষেপে এসব তথ্য জানানো হয়েছে।

তবে আসন না পাওয়া এসব শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শূন্য আসন থাকা কলেজে সরাসরি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তারা ভর্তি হতে পারবে।

ফল বিশ্লেষণে দেখা যায়, দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে ভর্তির জন্য আবেদন করেন ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৩৪০ জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। বাকি ৫ হাজার ১২৯ জন কোনো কলেজে আসন বরাদ্দ পাননি।

আসন না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩২১ জন জিপিএ-৫ পেয়েছেন।

এদিকে দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফলে দেখা গেছে, দেশের ১২টি কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী পছন্দক্রম দেয়নি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে ভর্তির আগ্রহ দেখাননি কেউ। এছাড়া ৪১৬টি কলেজে কোনো শিক্ষার্থীকে আসন বরাদ্দ দেওয়া হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রায় ৯৯ শতাংশ আগ্রহী শিক্ষার্থীকে ভর্তির জন্য আসন বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। প্রায় ১ শতাংশ শিক্ষার্থী পছন্দক্রমে কমসংখ্যক প্রতিষ্ঠান রাখা কিংবা অন্যান্য কারণে আসন পায়নি।

আসন না পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, যেসব কলেজে আসন খালি থাকবে, সেখানে সরাসরি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন কলেজে কয়েক লাখ আসন খালি থাকায় এসব শিক্ষার্থীর ভর্তিবঞ্চিত হওয়ার আশঙ্কা নেই।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কয়েক ধাপে আবেদন ও কলেজ পছন্দের সুযোগ দেওয়া হয়েছে। প্রথম ধাপের পর দ্বিতীয় ও চূড়ান্ত ধাপেও শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তন এবং নতুন করে আবেদন করতে পেরেছেন। বিপুলসংখ্যক আসন খালি থাকায় আসন বরাদ্দ না পাওয়া শিক্ষার্থীদেরও পরবর্তী সময়ে ভর্তির সুযোগ থাকছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!