একাদশে ভর্তির আবেদনের শেষ সুযোগ আজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের তৃতীয় ও সর্বশেষ ধাপ শেষ হচ্ছে আজ মঙ্গলবার। গতকাল সোমবার শুরু হওয়া এ ধাপের আবেদন রাত ৮টা পর্যন্ত করা যাবে। আগে আবেদন না করা, কোনো কলেজে নির্বাচিত না হওয়া কিংবা নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন করতে না পারা শিক্ষার্থীরা এ সুযোগ নিতে পারবেন।
শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায়।
গত ১৭ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তৃতীয় ধাপই সর্বশেষ সুযোগ।
এ ধাপে আগে আবেদন না করা শিক্ষার্থীদের পাশাপাশি আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া নির্বাচিত হয়েও ভর্তি নিশ্চায়ন করতে না পারা, নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা এবং ভুল কোটা নির্বাচনের কারণে কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে।
আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজের আসনসংখ্যা বিবেচনায় পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রাখতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।
সময়সূচি অনুযায়ী, ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করতে পারবেন। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। আর নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগে নির্বাচিত হয়ে ভর্তি নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ছুটির দিন কার্যকর হবে না।
কোটায় আবেদনকারীদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ভুল তথ্য দিয়ে আবেদন করা বা সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সৃষ্ট জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।