এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ চান
এসএসসি-২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একই সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণদের চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ পরীক্ষার ফলাফলের ওপর উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি ও ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা অনেকাংশে নির্ভর করে। কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অনেক শিক্ষার্থী হতাশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁদের অভিভাবকরাও।
তাঁরা বলেন, একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অর্থ কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে ওঠা, নিজেদের যোগ্যতা প্রমাণ এবং নতুন করে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শিক্ষার্থীরা জানান, তাঁরা কোনো নিয়মবহির্ভূত সুবিধা চান না। বরং বাস্তব পরিস্থিতি বিবেচনায় মানবিক, বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত পাঁচ দফা দাবির প্রথমটিতে চলতি বছর এসএসসি-২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
দ্বিতীয় দাবিতে বিশেষ পরীক্ষার সিলেবাস, নম্বর বণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া এবং অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে দ্রুত সুস্পষ্ট নির্দেশনা প্রকাশের কথা বলা হয়। এতে শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতির সুযোগ পাবেন বলে মনে করেন তাঁরা।
তৃতীয় দাবিতে পর্যাপ্ত প্রস্তুতির সময় রেখে পরীক্ষার সময়সূচি ঘোষণার পাশাপাশি দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের আহ্বান জানানো হয়। যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেন।
চতুর্থ দাবিতে বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
পঞ্চম দাবিতে বিকল্প ব্যবস্থার প্রস্তাব দেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, অনিবার্য কারণে চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। একই সঙ্গে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।