ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাপ্পীর যন্ত্রণা’য় আছেন জাহারা মিতু
মিডিয়ায় পরিচিত মুখ জাহারা মিতু। শুরুটা হয় তার বিউটি প্রেজেন্ট শো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ থেকে। এরপর তিনি শুরু করেন মডেলিং ও ক্রীড়া উপস্থাপনা। চলচ্চিত্রে তিনি শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবি মুক্তির আগেই ওপার বাংলায় দেবের বিপরীতে অভিনয় করেছেন ‘কমান্ডো’ সিনেমায়। এবার তিনি চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন।
অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ সিনেমায় দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার জন্য প্রস্তুতি নিয়েছেন মিতু। করেছেন লুক সেটও। সিনেমাটি প্রসঙ্গে এ অভিনেত্রী জানান, এটি থ্রিলার ও অ্যাকশনধর্মী গল্পের সিনেমা ‘যন্ত্রণা’। গল্পের নায়িকাকে ঘিরেই এগিয়ে যাবে কাহিনি।
এ সিনেমায় ‘অনিমা’ চরিত্রে অভিনয় করবেন জাহারা মিতু। নিজের চরিত্রটি প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, অনিমা মফস্বল শহরের ধনী ঘরের মেয়ে। এ চরিত্রের জন্য আমাকে আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে না। কারণ আমার বাস্তব চরিত্রের সঙ্গে অনিমার চরিত্র অনেকটাই মিলে যাচ্ছে। তবে হ্যাঁ, চরিত্রের প্রয়োজনে অনিমার সাইকোলজি বোঝার দরকার আছে, তাহলে আমার জন্য চরিত্রটি ধারণ করা খুব সহজ হবে।
প্রসঙ্গত,‘যন্ত্রণা’ সিনেমার প্রথম লটের চিত্রায়ণ হয়েছিল মুন্সীগঞ্জে। এতে অংশ নিয়েছিলেন বাপ্পী চৌধুরীসহ অনেকে। দ্বিতীয় লটের কাজ চলতি মাসের শেষের দিকে হওয়ার কথা রয়েছে।