নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট কোহলি লেখেন, আমাদের মেয়ের ছবি গতকাল স্টেডিয়ামে ক্লিক করা হয়েছিল। সেটা ঝড়ের গতিতে শেয়ারও করা হয়েছে। আমরা আপনাদের সবাইকে একটাই কথা বলতে চাই যে আমরা বুঝতে পারিনি যে ক্যামেরা আমাদের দিকেই তাক করে রয়েছে।

.png)
সেইসঙ্গে বিরাট আরো যোগ করেন, মেয়ের ছবি নিয়ে আমরা আগেও যে কথা বলেছিলাম, আজও সেকথাই বলছি। আমি আশা করব যে আপনারা ভামিকার ছবি তুলবেন না কিংবা সেটাকে প্রকাশিত করবেন না। এর পিছনে কী কারণ রয়েছে, সেটা আপনাদের আগেই বলা হয়েছিল। অনেক ধন্যবাদ।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে রোববার তৃতীয় একদিনের ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ছবিটা যখন ভাইরাল হয়, তখন হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এই সময় বিরাট একটি বিশেষভাবে নিজের এই অর্ধশতরান উদযাপন করেন এবং স্ট্যান্ডে উপস্থিত ছিলেন তার স্ত্রী অনুষকা শর্মা এবং মেয়ে ভামিকাও।
অনুষকা এবং ভামিকা মাঠের মধ্যে বিরাটের আত্মবিশ্বাস বাড়াতে এসেছিলেন। সেইসময় বিরাটও ব্যাটটাকে নিজের কোলের মধ্যে দোল খাওয়ানোর মতো করে হাফসেঞ্চুরি উদযাপন করেন। তারপর আর কী! সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে সেই ছবি ভাইরাল হতে শুরু করে।
উল্লেখযোগ্য ব্যাপার এটাই যে বিরাট কোহলি এবং অনুষকা শর্মার মেয়ে ভামিকা গত ১১ জানুয়ারি প্রথম বছরে পা দিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরেই তার জন্মদিন পালন করা হয়। বিরাট কোহলি এবং অনুষকা শর্মা এর আগেও সকলের কাছে এই আবেদন করেছিলেন যে তাদের মেয়ের ছবি যেন না তোলা হয়। তাদের ইচ্ছা, যতদিন না মেয়ে বড় হচ্ছে এবং এইসব ব্যাপারগুলো বুঝতে শিখছে, ততদিন এইসব ব্যাপার থেকে তিনি দূরেই রাখতে চান।
তবে এই ছবি রোববার প্রকাশ্যে আসতেই কোহলি সমর্থকদের একাংশ কার্যত ক্ষোভে ফুঁসে উঠেছিল। তাদের দাবি, সম্প্রচারকারী চ্যানেলের এই কাজ একেবারে উচিত হয়নি।