ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ১ এপ্রিল ২০২৩
চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ফাইল ছবি

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক পরিচালক।

শনিবার (০১ এপ্রিল) দুপুরে নায়কের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্মাতা।

হারুনুর রশীদের দাবি, তিনি অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে রংপুর কেমিক্যাল লিমিটেডের বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খেপিয়ে তোলেন বলে অভিযোগ। যার ফলে রংপুর কেমিক্যাল লিমিটেড প্রতিষ্ঠানের থেকে অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।

Advertisement

দুই পৃষ্ঠার লিখিত পত্রে হারুনুর রশীদ কাজল নায়ক রিয়াজের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন। এসময় তিনি জানিয়েছেন, শুক্রবার (৩১ মার্চ) ঢাকার অদূরে অবস্থিত ফিল্ম ভ্যালিতে তিনটি বিজ্ঞাপন নির্মাণের কাজ শুরু করেছেন রিয়াজ। মডেলিংয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নায়ক নিজেই পরিচালনা করছেন।

এমন অবস্থায় পরিচালক সমিতিতে আর্জি জানিয়ে ওই নির্মাতা বলেন, আমার রিজিক হরণকারী, ওয়াদা ভঙ্গকারী, সম্মান ধ্বংসকারী, জাতীয় বেঈমান চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ কাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি। সেই সঙ্গে আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ দায়িত্ব ফিরিয়ে পাবার আকুল আবেদন জানাচ্ছি এবং এমন অমানবিক কর্মকাণ্ড করা ও আমার মান সম্মান নষ্ট করার দায়ে রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে জানতে রিয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!