ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শ্রমিকদের গল্প নিয়ে ঢাকাই সিনেমা

এম আর রুবে
প্রকাশিত: ১৫:১১, ২১ মে ২০২৪
শ্রমিকদের গল্প নিয়ে ঢাকাই সিনেমা
ছবি: ঢাকাই সিনেমায় শ্রমিকদের গল্প

বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় শ্রমিকদের নিয়ে বিভিন্ন সময়ে তৈরি হয়েছে অনেক সিনেমা। ঢাকাই চলচ্চিত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। নানা শ্রেণির শ্রমিকদের নিয়ে নির্মিত হয়েছে বেশকিছু সিনেমা। শ্রমিকদের গল্পের সিনেমা নিয়ে আজকের এই আয়োজন সাজয়েছেন এম আর রুবেল। 

আমজাদ হোসেন অভিনীত ‘ভাত দে’ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন আলমগীর-শাবানা। এখানে দেখা গেছে অকালে বাবা হারোনো জরি চরিত্রে শাবানার বেঁচে থাকার সংগ্রাম। বাউল স্বামীর সংসারে অভাবের তাড়নায় অন্যের বাড়িতে শ্রম বেচে জীবন ধারণ করেন তিনি। তাকে কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় তাদেরকে। এটি মুক্তি পেয়েছিলো ১৯৮৪ সালে। 

নৌকায় মাছ ধরে বেড়ানো কুবেরসহ সকল মাঝিদের বঞ্চিত হওয়ার গল্প ফুটে উঠেছে ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায়। বিখ্যাত বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত জনপ্রিয় উপন্যাস থেকে ছবিটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেন গৌতম ঘোষ। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এতে অভিনয় করেন আসাদ, চম্পা, রূপা ব্যানার্জী, উৎপল দত্ত প্রমূখ। ছবিটিকে প্রান্তিক মানুষের জীবনযাপন নিয়ে অনবদ্য এক নির্মাণ বলে মনে করা হয়। এখানে আছে জোতদার নিষ্ঠুর মালিক চরিত্ররা। ছবিটি দর্শকের হৃদয় ছুঁয়ে যায় খুব সহজেই। 

Advertisement

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘সারেং বউ’ সিনেমাটি। ১৯৭৮ সালে সিনেমাটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার আবদুল্লাহ আল মামুন। এই ছবিতে আবদুল জব্বারের কণ্ঠে গাওয়া ‘ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ছবিটিতে অভিনয় করেছেন ফারুক, কবরী, আরিফুল হক, জহিরুল হক, বিলকিস, বুলবুল ইসলাম, ডলি চৌধুরী সহ আরো অনেকে। 

চা শ্রমিকদের জীবন নিয়ে বন্ধন বিশ্বাস নির্মাণ করেন ‘ছায়াবৃক্ষ’। যেখানে শ্রমিকদের বঞ্চনা, শোষণ আর প্রতিবাদের পাশাপাশি ভালোবাসার গল্প তুলে ধরা হয়। সরকারি অনুদানের এই সিনেমাটি গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন অপু বিশ্বাস ও নীরব। এছাড়া শতাব্দী ওয়াদুদ, নওশাবা, আজম খান, সুমিত ও ডনসহ অনেকে অভিনয় করেছেন।  

নারী পোশাক শ্রমিকের জীবন নিয়ে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘মেইড ইন বাংলাদেশ’। শ্রমিকের জীবন নিয়ে  প্রথম কোনো সিনেমা দেখানো হয় বিদেশে। ২০২০ সালে এটি বিদেশের মাটিতে প্রদর্শিত হয়। তার দুই বছর পর ২০২২ সালে সেন্সর বোর্ড পেরিয়ে সিনেমাটি দেশে মুক্তি পায় 'শিমু' নামে। ছবিটি মূলত পোশাক শ্রমিক 'ডালিয়া'র বাস্তব জীবন সংগ্রামের অনুপ্রেরণায় তৈরি হয়েছে। পোশাক শ্রমিকের জীবন কাহিনী নিয়ে সিনেমা এর আগে শিক্ষিত মধ্যশ্রেণি কিংবা আন্তর্জাতিক মহলের দর্শকের খুব মনোযোগ কাড়তে না পারলেও 'শিমু' অনেকটাই নজর কাড়ে। বিদেশের বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়। এছাড়া শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রীসহ চারটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে 'শিমু'। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন রিকিতা নন্দিনী শিমু। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও শাহানা গোস্বামী। তবে পোশাক শ্রমিকদের নিয়ে এটাই একমাত্র সিনেমা নয়।

এর আগে ২০১২ সালে তাজরীন ও ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে ইংরেজি ভাষায় বহু প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। ২০০৭ সালে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘বস্ত্র বালিকা’ দেশে ও বিদেশে প্রদর্শিত হয়। তাজরীনে আগুনে পুড়ে শত শ্রমিকের মৃত্যুর আগে ২০১১ সালে জি সরকার নির্মাণ করেন ‘গার্মেন্ট কন্যা’। ২০১৯ সালে কাজী হায়াতের পরিচালনায় ‘গার্মেন্ট শ্রমিক জিন্দাবাদ’ সিনেমাটি কিছুটা সাড়া ফেলে। 

প্রবাসী শ্রমিকদের কষ্টকর জীবনের একটি অধ্যায় বর্ণনা হয়েছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অজ্ঞাতনামা’ সিনেমায়। ছবিটির পরিচালক তৌকীর আহমেদের মতে, সিনেমাটির গল্প একটি মৃত্যুকে কেন্দ্র করে এগিয়ে গেলেও এখানে প্রবাসী শ্রমিকদের কষ্টকর জীবনযাত্রা বিস্তার লাভ করেছে। তাদের প্রতি অবহেলা এবং তাদের অসহায়ত্ব এখানে বিধৃত হয়েছে। সিনেমাটি একাধিক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শতাব্দী ওয়াদুদ, নিপুণ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

২০১৭ সালে মুক্তি পায় সাজিদুল আওয়ালের ‘ছিটকিনি’ সিনেমা। স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনার জীবনচিত্র নিয়ে চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে। এখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। আরও অভিনয় করেছন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাফিজুর রহমান, নাইমুর রহমান আপন প্রমুখ। ২০২২ সালের আলোচিত সিনেমা ‘হাওয়া’। মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে আটকে পড়া মৎস্য শ্রমিক অর্থাৎ বেশ কয়েকজন মাঝি ও রহস্যময় এক বেদের মেয়ের আগমন নিয়ে এগিয়েছে এর গল্প। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষিসহ অনেকে। 

সাধারণ অর্থে ধানকাটা শ্রমিকদের বলা হয় ‘দাওয়াল’। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই শ্রমজীবীরা। ১৯৪৮-৯০ সালের দিকে ধান-চাল সংকটে থাকা ফরিদপুর ও ঢাকা জেলার অসংখ্য মানুষ খুলনা-বরিশাল অঞ্চলে ধান কাটার মৌসুমে দলবেঁধে দিনমজুর হিসেবে যেত। পারিশ্রমিক হিসেবে কিছু ধান নৌকায় ভরে ফিরে আসত নিজেদের ঘরে। খাদ্যশস্যের জন্য দাওয়ালদের এই দীর্ঘ ভ্রমণ ও জীবনযুদ্ধ নিয়ে পিকলু চৌধুরী নির্মাণ করছেন ‘দাওয়াল’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেলেও সিনেমাটি এখনও আলোর মুখ দেখেনি। ভয়াবহ রানা প্লাজার ঘটনা এবং সেখান থেকে উদ্ধার হওয়া পোশাক শ্রমিক রেশমাকে নিয়ে নির্মিত হয়েছে ‘রানা প্লাজা’। এতে জুটি বেঁধে এই সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক ও পরীমণি। পরিচালনা করেছেন নজরুল ইসলাম। আদালতে আটকে থাকায় আজও আলোর মুখ দেখেনি ছবিটি। 

এছাড়াও ‘কাজের বেটি রহিমা’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘শ্রমিক নেতা’, ‘বিদ্রোহী গার্মেন্টস কন্যা’সহ আরও অনেক সিনেমাতে বলা হয়েছে শ্রমিকদের গল্প।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!