শিরোনামহীনের এক সপ্তাহে ৪ কনসার্ট
দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ শীতের কনসার্ট মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই ব্যস্ত হয়ে উঠছে। একের পর এক স্টেজ শোতে অংশ নিতে যাচ্ছে ব্যান্ডটি। আগামী ছয় দিনে দেশের বিভিন্ন প্রান্তে চারটি কনসার্টে গান শোনাবে তারা।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ‘শিরোনামহীন’-এর প্রধান জিয়াউর রহমান। তিনি জানান, আগামী ছয় দিনের মধ্যে চারটি কনসার্টে পারফর্ম করবে ব্যান্ডটি।
আজ রোববার ঢাকার কবি নজরুল সরকারি কলেজ মাঠে কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে তাদের এই ব্যস্ততা। কলেজটির ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে গান পরিবেশন করবে ‘শিরোনামহীন’।
.png)
এরপর ৩০ সেপ্টেম্বর গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে পারফর্ম করবে ব্যান্ডটি। পরদিন ১ অক্টোবর ঢাকার রেনেসাঁ হোটেলে একটি কনসার্টে অংশ নেবে তারা। ব্যস্ততার শেষ আয়োজনটি হবে ২ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
সাম্প্রতিক সময়ে দেশের কনসার্ট আয়োজন নিয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিভিন্ন সময়ে একাধিক কনসার্ট বাতিল কিংবা স্থগিত হওয়ার খবরও এসেছে। এমন পরিস্থিতির মধ্যেই পরপর চারটি কনসার্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ‘শিরোনামহীন’। ব্যান্ডটির সদস্যরা মনে করছেন, নিয়মিত কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে আবারও সংগীতাঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং শিল্পী-শ্রোতার মধ্যে তৈরি হবে নতুন সংযোগ।
বর্তমানে ‘শিরোনামহীন’-এর লাইনআপে রয়েছেন জিয়াউর রহমান (বেজ গিটার), কাজী আহমাদ শাফিন (ড্রামস ও সরোদ), শেখ ইশতিয়াক (ভোকাল), সাইমন চৌধুরী (কিবোর্ড) এবং সুদীপ্ত সিনহা দিপু (গিটার)।