ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মিশিগানে জেমসের কনসার্টে প্রবাসীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ২৩:১৭, ৩ আগস্ট ২০২৩
মিশিগানে জেমসের কনসার্টে প্রবাসীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
ছবি: ডেইলি বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের মিশিগানে নর্থ অ্যামেরিকান-বাংলাদেশি মেলার শেষ দিনে নগর বাউল জেমসের কনসার্টে প্রবাসীদের বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এ কনসার্ট উপভোগ করেছেন প্রায় ২০ হাজার দর্শক। 

স্থানীয় সময় রোববার রাতে ডেট্রয়েট বাংলাটাউন জেইন ফিল্ডে এ কনসার্ট হয়। এদিন ছিল ২২তম নর্থ অ্যামিরিকান-বাংলাদেশি ফ্যাস্টিভালের শেষ দিন।

কনসার্টে গান পরিবেশন করেন সংগীত শিল্পী রিজিয়া পারভীন ও প্রবাসী শিল্পী পৃথা দেবসহ নিউইয়র্কসহ মিশিগানের একঝাঁক শিল্পী।

Advertisement

এদিকে কনসার্ট শুরু হওয়ার আগেই জনসমুদ্রে পরিণত হয় মেলা চত্বর। পার্শ্ববর্তী স্টেট ওয়াহিও, ইন্ডিয়ানা স্টেট থেকেও অনেক দর্শক এসেছিলেন। কানাডা থেকেও জেমসের কনসার্টে অনেকে এসেছিলেন।

স্থানীয় সময় রাত ১০টায় মঞ্চে আসেন জেমস। এসময় তুমুল চিৎকার ও করতালিতে ‘গুরু জেমস’কে স্বাগত জানান হাজারো দর্শক। জেমস ১১টি গান গেয়ে মাতিয়ে তোলেন দর্শক হৃদয়। এসময় দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউল জেমসের সঙ্গে।

‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গান দিয়ে কনসার্ট শুরু করেন জেমস। অনুষ্ঠানে জেসম দর্শকদের আরো গেয়ে শোনান ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মিরাভাই’, ‘পাগলা হাওয়ার তরে’, ‘দুষ্টু ছেলের দল’, ‘তারায় তারায় রটিয়ে দেব’, ‘ওরে তারা রাতের তারা’র মতো জনপ্রিয় গান।

সবশেষে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি। এ গানের সুরের যাদুতে মুহূর্তে দর্শকরা হারিয়ে যান অন্য জগতে। আর এ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় জেমসের কনসার্ট।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য অভিনেত্রী রিচি সুলায়মান ও শারমিন সিরাজ সোনিয়া। অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবক্কর হানিফ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জেমস
লিংক সফলভাবে কপি হয়েছে!