ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে সেরা দশে বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ১০:২২, ২২ নভেম্বর ২০২১
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে সেরা দশে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে প্রথমবার অংশ নিয়েই দশম স্থান অর্জন করেছে বাংলাদেশ। ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে অংশ নিয়ে টিম প্রডিজি এই অর্জন আনে। এ টিমের সদস্য ডা. মাহবুবুর রহমান মোল্লাহ কলেজের সাজ্জাদ ইসলাম এবং নটরডেম কলেজের তৌসিফ সামিন।

রোববার বিকালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে অনলাইনে এ ফলাফল ঘোষণা করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এ্যাসোসিয়েশন।

১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ অলিম্পিয়াডটিতে সারা বিশ্বের ৬৬ দেশ থেকে ২০০ টিম অংশ নেয়। কানাডা থেকে অনলাইনের মাধ্যমে জাজমেন্ট এবং মনিটরিং করা হয়েছে।

Advertisement

এছাড়া ওপেন ক্যাটাগরিতে অংশ নেয় টিম পাওয়ারিয়াম। ইকো এগ্রোমেট রোবট নিয়ে অংশগ্রহণ করে তারা ১৬তম স্থান অর্জন করে। এ টিমের সদস্য ছিলেন ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ, সরকারী বিজ্ঞান কলেজের তানজিম জামান খান এবং নটরডেম কলেজের মো. আশরাফুজ্জামান ফুয়াদ।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করে। শিক্ষার্থীদের পারফরমেন্স এবং মেধার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচিত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!