ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

পদত্যাগের পর আবারো এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৫৫, ২৩ নভেম্বর ২০২৬
পদত্যাগের পর আবারো এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশ্ববাজারে অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ব্যক্তিগত জীবন নিয়ে অভিযোগের পর পদত্যাগের মাত্র কয়েক দিনের মাথায় তাকে আবারও সিইও পদে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ—এমন দাবি করা হয়েছে একটি প্রতিবেদনে। 

প্রতিবেদন অনুযায়ী, সোমবার পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে হুয়াংকে পুনর্বহাল করা হয়েছে। তার প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমর্থন জানিয়েছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, হুয়াংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রযুক্তিগত পরিকল্পনা এগিয়ে নেওয়ার বিষয়ে পরিচালনা পর্ষদ আস্থাশীল। বোর্ড চেয়ারম্যান হার্ভে সি জোনস বলেন, শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থ বিবেচনায় হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

হুয়াংকে ফিরিয়ে আনার বিষয়ে ট্রাম্পের ভূমিকা ছিল আলোচনায়। এর আগে তিনি প্রকাশ্যে এনভিডিয়াকে হুয়াংকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সোমবার সিদ্ধান্ত ঘোষণার পর ট্রাম্প একে সঠিক ও যথাযথ সিদ্ধান্ত বলে অভিহিত করেন। তার দাবি, হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার ঝুঁকি রয়েছে—এমন কোনো প্রমাণ মার্কিন সরকারের কাছে নেই। তবে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণবিধি মেনে চলার বিষয়ে এনভিডিয়াকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

প্রতিবেদন অনুযায়ী, পুনর্বহালের ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩৩ শতাংশ বেড়েছে। হুয়াংকে ফিরিয়ে আনার দাবিতে একটি অনলাইন আবেদনে এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছিলেন। তাদের মধ্যে ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও।

হুয়াংয়ের প্রত্যাবর্তন ঘটলেও বিতর্কের অবসান হয়নি। ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রকাশিত অভিযোগ এবং বিদেশি গোয়েন্দা তৎপরতার সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে স্বাধীন পরিচালকদের নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে এনভিডিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বিচার বিভাগের বিভিন্ন তদন্তে সহযোগিতা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। সম্ভাব্য হিসাবসংক্রান্ত অনিয়ম এবং চিপ পাচারের অভিযোগও এসব তদন্তের আওতায় রয়েছে। 

এছাড়া প্রতিষ্ঠানটি নতুন প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। কোলেৎ ক্রেস প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়াকে ভিডিও গেমের গ্রাফিকস চিপ নির্মাতা থেকে এআই প্রসেসরের শীর্ষ সরবরাহকারীতে পরিণত করার পেছনে হুয়াংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার প্রত্যাবর্তন আবারও প্রমাণ করেছে, প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কৌশল ও নেতৃত্বে সহপ্রতিষ্ঠাতার প্রভাব কতটা গভীর। 

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!