ইলন মাস্কের সুপার অ্যাপের নাম হতে পারে- ‘X’। এই একটি অ্যাপ ফোনে থাকলেই তাই দিয়ে সব অ্যাপের কাজ হবে। এমনই অভাবনীয় পরিকল্পনা ইলন মাস্কের। টুইটার কেনা তার সেই ভাবনার দিকেই আরও এক ধাপ এগিয়ে যাওয়া, নিজেই টুইটে জানালেন বিশ্বের ধনীতম ব্যক্তি।
মঙ্গলবার টুইটারে নিজের ‘মাস্টারপ্ল্যানে’র বিষয়ে জানিয়েছেন ইলন মাস্ক। এই অ্যাপের বিষয়ে আগেও ব্যাখ্যা করেছেন ইলন মাস্ক। এটিকে একটি ‘সুপার অ্যাপ’ হিসাবে ব্যাখা করেছেন তিনি। শুধু ইলন মাস্কই নন, বিশ্বজুড়েই প্রযুক্তি সংস্থাগুলো এমন একটি অ্যাপ বানানোর চেষ্টা করছে।
.png)
রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, চীন যদিও আগেই এমন সুপার অ্যাপের ভাবনা বাস্তবায়িত করে ফেলেছে। আর তার নাম হলো ‘উইচ্যাট’। এটির মাসিক ব্যবহারকারী ১০০ কোটিরও বেশি। এটি চীনের দৈনন্দিন জীবনের একটি বড় অংশ। সবার ফোনেই এই একটি অ্যাপই যেন প্রাণ! কারণ এই একটি অ্যাপ ব্যবহার করেই অ্যাপ ক্যাব বুক করা যায়, টাকা পেমেন্ট করা যায়, শপিং হয় আবার সোশ্যাল মিডিয়ার জন্যও ব্যবহার করা যায়।
চলতি বছরের জুনে টুইটার কর্মীদের সঙ্গে আলোচনার সময়ে ইলন মাস্ক এই বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘দেখুন, এশিয়ার বাইরে কিন্তু উইচ্যাটের-এর মতো কোনো সুপার অ্যাপের সমতুল্য কিছু নেই। চীনে তো সবাই উইচ্যাট দিয়েই সব করেন। আর সেই কারণেই পুরো বিশ্বের জন্য এমন অ্যাপ বানিয়ে ফেলতে চান ইলন মাস্ক।
তার মতে, টুইটার সেই লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে। মাস্ক জানান, টুইটারে এখনকার ২৩.৭ কোটি ব্যবহারকারী থেকে বেড়ে সেটা অন্তত যেন ১০০ কোটি হয়ে যায়, সেটাই চান তিনি। টুইটারে প্রাথমিকভাবে অনলাইন পেমেন্ট যোগ করার বিষয়ে আলোচনা করছেন ইলন মাস্ক।