স্মার্ট চশমা নিয়ে কেন বাড়ছে বিতর্ক?
স্মার্ট চশমার ব্যবহার দ্রুত বাড়ছে। মুঠোফোন ছাড়াই কথা বলা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন সুবিধা নেওয়া এবং চশমায় থাকা ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণ—সবই করা যাচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে।
তবে স্মার্ট চশমার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে গোপনীয়তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আশপাশের মানুষের অজান্তে প্রকাশ্যে ভিডিও ধারণের সুযোগ থাকায় এ প্রযুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
.png)
বর্তমানে স্মার্ট চশমার বাজারে মেটার তৈরি রে-ব্যান চশমা বেশ জনপ্রিয়। মেটার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭০ লাখের বেশি জোড়া চশমা বিক্রি হয়েছে।
যুক্তরাজ্যের প্রায় ৮০০টি পানশালা পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েদারস্পুনস তাদের প্রতিষ্ঠানে স্মার্ট চশমা দিয়ে ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে। নারীর অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনও এ প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে।
বেলফাস্টের ৩১ বছর বয়সী পিয়ার্স ভ্যালেলি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করেন। তিনি মেটার রে-ব্যান স্মার্ট চশমা ব্যবহার করে রাস্তায় হাঁটার সময় পথচারীদের সঙ্গে কথোপকথনের ভিডিও ধারণ করেন। বেলফাস্ট শহরের এমন একটি ভিডিও টিকটকে ৬ লাখের বেশি বার দেখা হয়েছে।
ভ্যালেলির দাবি, তিনি প্রযুক্তিটি ইতিবাচক উদ্দেশ্যেই ব্যবহার করেন। কারও আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে ধারণ করা ভিডিও প্রকাশ করেন না। ভিডিওতে থাকা মানুষদের নিয়ে হাসাহাসি করাও তার উদ্দেশ্য নয় বলে জানান তিনি।
স্মার্ট চশমাটিতে থাকা ক্যামেরা স্পর্শের মাধ্যমে চালু করা যায়। ভিডিও ধারণের সময় চশমায় একটি সাদা আলো জ্বলে ওঠে, যা আশপাশের মানুষকে ভিডিও ধারণের বিষয়টি জানানোর জন্য রাখা হয়েছে।
মেটা জানিয়েছে, সম্প্রতি চশমাটিতে পরিবর্তন আনা হয়েছে। ক্যামেরা চালু থাকার সংকেত দেওয়া আলোতে কারসাজি করা হলে ক্যামেরা আর কাজ করবে না।
তবে বাস্তবে আশপাশের মানুষ সব সময় ওই আলো দেখে ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পারেন কি না, সেটিই বড় প্রশ্ন। ভ্যালেলি বলেন, অনেক সময় মানুষ চশমার আলো দেখে বুঝতে পারেন ভিডিও ধারণ করা হচ্ছে। সুযোগ পেলে ভিডিও ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকেও বিষয়টি জানান তিনি।
তবে স্মার্ট চশমার ইতিবাচক ব্যবহারও রয়েছে। বেলফাস্টের চক্ষু বিশেষজ্ঞ জিওফ ম্যাককনভিল বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী বয়স্ক ব্যক্তিদের জন্য এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চশমার এআই-ভিত্তিক সুবিধা ব্যবহার করে বিভিন্ন লেখা পড়ে শোনানো সম্ভব। সংবাদপত্র কিংবা রাস্তার সাইনবোর্ডে থাকা লেখাও চশমার মাধ্যমে শোনা যায়।
মেটার মতে, দৃষ্টিপ্রতিবন্ধী ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের জন্য স্মার্ট চশমা নতুন সুযোগ তৈরি করছে। তবে যেসব স্থানে ভিডিও ধারণ করা উচিত নয়, সেখানে এ ধরনের প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা স্বাভাবিক বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, কেউ অন্যের ক্ষতি বা হয়রানির উদ্দেশ্যে ভিডিও প্রকাশ করলে সেই ভিডিও সরিয়ে দেওয়া হবে।