ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বিআইজেএফের বার্ষিক সাধারণ সভায় স্বচ্ছতা ও জবাবদিহির প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২৬
বিআইজেএফের বার্ষিক সাধারণ সভায় স্বচ্ছতা ও জবাবদিহির প্রতিশ্রুতি
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪–২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা

তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪–২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সদস্যরা সংগঠনের কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত দেন। প্রায় চার ঘণ্টা ধরে চলা সভায় অধিকাংশ সদস্য স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশ নেন।

বিআইজেএফের সভাপতি হিটলার এ. হালিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সহসভাপতি ভূঁইয়া মোহাম্মাদ ইনাম লেনিন। সংগঠনের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাব্বিন হাসান।

সাধারণ সম্পাদক বলেন, বর্তমান নির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার পর নিয়মিত মাসিক সভা, সিদ্ধান্ত নথিভুক্ত করা এবং সাংগঠনিক কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করেছে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতির প্রভাব আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের কার্যক্রমেও পড়েছে। সীমাবদ্ধতার মধ্যেও বিআইজেএফের কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হয়েছে।

Advertisement

সভায় ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম। তিনি জানান, আর্থিক লেনদেনের অধিকাংশ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে এবং হিসাব-নিকাশ যথাযথভাবে নথিভুক্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র সংরক্ষণ করা হয়েছে। 

আলোচনা শেষে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পাস হয়। একই সঙ্গে পরবর্তী অর্থবছরের হিসাব নিরীক্ষার জন্য বিদ্যমান নিরীক্ষা প্রতিষ্ঠান এনকে রয় অ্যান্ড কোংকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতি হিটলার এ. হালিম বলেন, সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের মতামত ও সমালোচনার সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনসহ নিয়মিত সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করার বিষয়েও নির্বাহী কমিটি কাজ করছে।

সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য মো. এনামুল করিম। 

ডেইলি-বাংলাদেশ/DB-N-03
লিংক সফলভাবে কপি হয়েছে!