গুগল ফটোস ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও বাড়াচ্ছে গুগল। নতুন ‘জেমিনি স্পার্ক’ সুবিধার মাধ্যমে এখন গুগল ফটোসের ছবি সম্পাদনা, অ্যালবাম তৈরি ও ছবি গোছানোর মতো বিভিন্ন কাজ করা যাবে।গুগল জানিয়েছে, জেমিনি স্পার্ককে নির্দেশ দিয়ে গুগল ফটোসে থাকা ছবির অ্যালবাম সহজেই সাজানো যাবে।
ব্যবহারকারীর পছন্দের ছবি বাছাই করে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করার উপযোগী অ্যালবামও তৈরি করতে পারবে এআইটি।এ ছাড়া কোনো অনুষ্ঠান বা ইভেন্টের প্রচারপত্রের ছবি থেকে প্রয়োজনীয় তথ্য শনাক্ত করে সেটির সময়সূচি সরাসরি ক্যালেন্ডারে যুক্ত করতে পারবে জেমিনি স্পার্ক। একাধিক কাজকে একত্র করে নির্দিষ্ট কর্মপ্রবাহ তৈরির সুবিধাও থাকছে এতে।
.png)
গুগল ফটোসের প্রধান শিমরিত বেন-ইয়ার বৃহস্পতিবার এক পোস্টে নতুন সুবিধাগুলোর ঘোষণা দেন। গুগলের তথ্য অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের যোগ্য ব্যবহারকারীদের জন্য এসব সুবিধা চালু করা হবে। প্রাথমিকভাবে সুবিধাগুলো শুধু ইংরেজি ভাষায় পাওয়া যাবে এবং জেমিনি এআই প্রো ও আল্ট্রা গ্রাহকেরাই এটি ব্যবহারের সুযোগ পাবেন।
তবে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা কবে থেকে জেমিনি স্পার্কের সুবিধা পাবেন, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি গুগল।
গুগলের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিপুলসংখ্যক ছবি ব্যবস্থাপনার ঝামেলা কমানো। বর্তমানে অনেক ব্যবহারকারীর ফোন ও অনলাইন স্টোরেজে হাজার হাজার ছবি জমা থাকে। সেগুলো আলাদা করা, সাজানো কিংবা নতুন অ্যালবাম তৈরি করতে বেশ সময় লাগে। জেমিনি স্পার্কের মাধ্যমে এসব কাজ অনেকটাই স্বয়ংক্রিয় করার সুযোগ তৈরি হবে।
তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআইকেন্দ্রিক নতুন উদ্যোগ নিয়ে প্রশ্নও উঠছে। বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিত নতুন এআই সুবিধা চালু করলেও এর সবগুলো সাধারণ মানুষের জন্য সমানভাবে প্রয়োজনীয় নয় বলে মনে করছেন প্রযুক্তি খাতের অনেকে। তাদের মতে, দৈনন্দিন জীবনে এআইকে আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি করাই হওয়া উচিত এসব উদ্যোগের মূল লক্ষ্য।
জেমিনি স্পার্ক ব্যবহার করতে প্রথমে গুগল ফটোস অ্যাপকে জেমিনির সঙ্গে যুক্ত করতে হবে। এরপর জেমিনি অ্যাপের ওপরের কোণায় থাকা স্পার্ক সুবিধা চালু করে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।