ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

৯ সেপ্টেম্বর অ্যাপলের বড় চমক, আসছে ফোল্ডেবল আইফোন?

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৬, ১ সেপ্টেম্বর ২০২৬
৯ সেপ্টেম্বর অ্যাপলের বড় চমক, আসছে ফোল্ডেবল আইফোন?
ছবি: আইফোন ১৮ কনসেপ্ট ডিজাইন

প্রযুক্তিপ্রেমীদের নজর এখন অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্টের দিকে। নতুন আইফোন ঘিরে নানা জল্পনার মধ্যেই আগামী ৯ সেপ্টেম্বর বিশেষ ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অ্যাপলের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে অনুষ্ঠানটি। বাংলাদেশ সময় ১০ সেপ্টেম্বর রাত ১১টায় দেখা যাবে ইভেন্টটি। অ্যাপলের ওয়েবসাইট, অ্যাপল টিভি ও ইউটিউব লাইভে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।

Advertisement

এবারের আয়োজনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নতুন আইফোন নিয়ে। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইভেন্টে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি প্রথমবারের মতো একটি ফোল্ডেবল আইফোন উন্মোচন করতে পারে অ্যাপল। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

ফোল্ডেবল আইফোনে বড় চমকের সম্ভাবনা

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি অঙ্গনে গুঞ্জন চলছে। ধারণা করা হচ্ছে, ফোনটি বইয়ের মতো ভাঁজ করা যাবে। ভাঁজ অবস্থায় এটি সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহার করা সম্ভব হবে, আর খুললে পাওয়া যাবে তুলনামূলক বড় ডিসপ্লে।

ফোনটির নকশায় পাতলা গঠন এবং ডিসপ্লেতে কম দৃশ্যমান ক্রিজ রাখার দিকে অ্যাপল গুরুত্ব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সম্ভাব্য ফোল্ডেবল আইফোনের নাম, চূড়ান্ত নকশা, ক্যামেরা ও অন্যান্য কারিগরি বৈশিষ্ট্য নিয়ে এখনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

আইফোন ১৮ প্রো সিরিজেও আসতে পারে পরিবর্তন

ফোল্ডেবল আইফোনের পাশাপাশি আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স নিয়েও প্রযুক্তি বিশ্বে আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, নতুন প্রো মডেলগুলোতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের চিপ ব্যবহার করা হতে পারে। এতে ফোনগুলোর কর্মক্ষমতা ও শক্তি ব্যবস্থাপনায় উন্নতি আসার সম্ভাবনা রয়েছে।

ক্যামেরা ব্যবস্থাতেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ক্যামেরা মডিউলের নকশা ও লেন্সের আকারে পরিবর্তন আনার বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এসব তথ্যও এখনো অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।

আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডস উন্মোচনের সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং এয়ারপডসের নতুন সংস্করণের কথা বলা হলেও, ৯ সেপ্টেম্বরের ইভেন্টে ঠিক কোন কোন পণ্য উন্মোচন করা হবে, তা এখনো স্পষ্ট করেনি অ্যাপল।

এদিকে নতুন প্রজন্মের প্রো চিপসেট, উন্নত মেকানিক্যাল অ্যাপারচার ক্যামেরা এবং বৈশ্বিক উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে আইফোন ১৮ সিরিজের দাম আগের আইফোন ১৭ সিরিজের তুলনায় বাড়তে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। বিশেষ করে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের দাম প্রায় ১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতি বছরই অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্ট ঘিরে প্রযুক্তিপ্রেমীদের ব্যাপক আগ্রহ থাকে। এবার সম্ভাব্য ফোল্ডেবল আইফোনের গুঞ্জনে সেই আগ্রহ আরও বেড়েছে। তবে অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যের মধ্যে কোনটি সত্য, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!