ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে গুগলকে বিটিআরসির আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে গুগলকে বিটিআরসির আহ্বান
ছবি সংগৃহীত

বাংলাদেশে ব্যবসা ও সেবা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অফিস স্থাপনের জন্য গুগলকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। একই সঙ্গে দেশে গুগলের পেমেন্ট ব্যবস্থা চালু, অবকাঠামো উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)-এর সঙ্গে গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পলিসি প্রধান কাইল গার্ডনারের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশে গুগলের বিভিন্ন সেবা সম্প্রসারণ, স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালু এবং অবকাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন গুগল প্রতিনিধি।

Advertisement

বাংলাদেশে গুগলের এআই মডেলের ল্যাব স্থাপন, স্থানীয় প্রকৌশলীদের এআই বিষয়ে প্রশিক্ষণ এবং দেশীয় স্টার্টআপের উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে সহযোগিতার বিষয়েও জানতে চায় বিটিআরসি। জবাবে কাইল গার্ডনার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার আগ্রহ প্রকাশ করেন। তবে স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে ভবিষ্যতে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি।

বৈঠকে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট, বেটিং, জুয়া ও অবৈধ আর্থিক কার্যক্রমের প্রচারণা দ্রুত শনাক্ত ও বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এসব কনটেন্ট শনাক্তে এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ওপরও গুরুত্ব দেন বিটিআরসি চেয়ারম্যান।

এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে গুগলের সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেওয়া হলে কাইল গার্ডনার এতে ইতিবাচক সাড়া দেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!