ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ডিএজি ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন রুমিন ফারহানা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিএজি ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন রুমিন ফারহানা
ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন করে এ অভিযোগ জানান তিনি।

Advertisement

আবেদনে রুমিন ফারহানা অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ একটি স্ট্যাটাস দেন।

রুমিন ফারহানা বলেন, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য শুধু তার জন্য অপমানজনক নয়, একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাগত মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!