ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

এক প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড ও ডিপসিক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৬
এক প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড ও ডিপসিক
ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রথম অল-ইন-ওয়ান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব ‘রবি এআই স্পেস’ চালু করেছে রবি আজিয়াটা। ‘এভরি এআই’ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে চালু হওয়া এ সেবাটি ব্যবহার করা যাবে মাই রবি অ্যাপের মাধ্যমে।

রবি এআই স্পেসে গ্রাহকেরা একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাকের মাধ্যমে একসঙ্গে ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটি, গুগল জেমিনি, ক্লড এবং ডিপসিক-এর মতো জনপ্রিয় এআই মডেল। ফলে প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা সাবস্ক্রিপশন বা আন্তর্জাতিক পেমেন্টের প্রয়োজন হবে না।

রবির দাবি, বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের হার মাত্র ১ দশমিক ৬ শতাংশ হওয়ায় আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতার কারণে অনেক ব্যবহারকারী এতদিন বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল সেবা সহজে ব্যবহার করতে পারেননি। নতুন উদ্যোগের মাধ্যমে মোবাইল ডাটা বান্ডেল কেনার মতো সহজ প্রক্রিয়ায় এআই সেবা ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

Advertisement

শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের বিশেষভাবে বিবেচনায় রেখে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। গবেষণা, লেখালেখি, কনটেন্ট তৈরি, ব্যবসায়িক পরিকল্পনা, তথ্য বিশ্লেষণসহ দৈনন্দিন বিভিন্ন কাজে এসব এআই টুল ব্যবহার করা যাবে। ‘এভরি এআই’ অ্যাপের মধ্যেই ব্যবহারকারীরা তাদের লাইভ টোকেন ব্যালেন্স দেখতে পারবেন। এতে একাধিক আন্তর্জাতিক সাবস্ক্রিপশন ও পেমেন্ট অ্যাকাউন্ট ব্যবস্থাপনার ঝামেলাও কমবে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, স্থানীয় মোবাইল সংযোগের মাধ্যমেই বিশ্বমানের এআই প্রযুক্তিকে মানুষের কাছে সহজলভ্য করা এবং ডিজিটাল ব্যবহারের বাধা কমানোই এ উদ্যোগের লক্ষ্য।

ডেইলি-বাংলাদেশ/DB-N-03
লিংক সফলভাবে কপি হয়েছে!