ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

এআই অবকাঠামোয় নতুন দিগন্ত দেখাল হুয়াওয়ে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২৬
এআই অবকাঠামোয় নতুন দিগন্ত দেখাল হুয়াওয়ে
হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হুয়াওয়ে কানেক্ট ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত ডিজিটাল সংযোগ ও উন্মুক্ত প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে বুদ্ধিমত্তাসম্পন্ন ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা তুলে ধরেছে টেক জায়ান্ট হুয়াওয়ে। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড’।

সম্মেলনে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং বলেন, এআই দ্রুত বিভিন্ন শিল্পের উৎপাদন ও সেবা ব্যবস্থার অংশ হয়ে উঠছে। এ পরিবর্তনের জন্য শক্তিশালী কম্পিউটিং অবকাঠামো, দ্রুতগতির সংযোগ এবং উন্মুক্ত প্রযুক্তি পরিবেশ প্রয়োজন।

আয়োজনে হুয়াওয়ে এআই অবকাঠামোর জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড, উন্নত তাইশান ৯৫০ সুপারপড এবং এআই কাজের জন্য ওশানস্টোর এম৯০০ মেমোরি স্টোরেজ ব্যবস্থা উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব প্রযুক্তি বড় আকারের এআই মডেলের প্রশিক্ষণ ও ব্যবহারকে আরও কার্যকর করতে সহায়তা করবে।

Advertisement

হুয়াওয়ের নতুন ইউনিফায়েডবাস স্থাপত্যের মাধ্যমে কম্পিউটিং, নেটওয়ার্ক ও তথ্য সংরক্ষণ ব্যবস্থাকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার উদ্যোগও তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এজেন্টিক এআই সুপারক্লাস্টার সর্বোচ্চ ১০ লাখ এনপিইউ পর্যন্ত সম্প্রসারণের সক্ষমতা রাখে। সম্মেলনে এআইয়ের পাশাপাশি ডিজিটাল দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তি পরিবেশ, উন্নত সংযোগ এবং বিভিন্ন শিল্পে এআই ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। হুয়াওয়ের আয়োজনে ৩০০টির বেশি মূল বক্তব্য, সম্মেলন ও অধিবেশন এবং ২২ হাজার বর্গমিটারের প্রদর্শনী ছিল।

হুয়াওয়ে বলছে, টেলিযোগাযোগ, অর্থনীতি, উৎপাদন, জ্বালানি, পরিবহন, সরকারি সেবা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে এআইয়ের ব্যবহার বাড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠান, সরকার, উদ্যোক্তা, ডেভেলপার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি উন্মুক্ত উৎসভিত্তিক প্রযুক্তি পরিবেশ গড়ে তোলা এবং অংশীদারদের সঙ্গে কাজ করে এআইয়ের ব্যবহার আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!