মা, বাবা, বোন ও দাদিকে খুন করে ভাইকেও হত্যার চেষ্টা!
বাড়ির ট্যাঙ্কে চারজনের পচাগলা দেহ। অভিযোগ বাবা, মা, বোন এবং দাদিকে খুন করে পানির ট্যাঙ্কে ফেলে দিয়েছে অভিযুক্ত। ভারতের পশ্চিমবঙ্গের মালদহের কালিয়াচকে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। শনিবার সকালে চারজনের মরদেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রের খবর, কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকার ঘটনা এটি। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত আসিফ মোহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, আসিফের ভাই আরিফের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে। পুলিশের ধারণা, খুন করেই দেহগুলো পানির ট্যাঙ্কে ফেলা হয়েছে। তবে পুলিশের অন্য একটি সূত্র জানাচ্ছে, মানসিক অবসাদের কারণে আসিফ খুন করে থাকতে পারে বলে তদন্তকারীদের প্রাথমিক ধারণা।
.png)
স্থানীয় বাসিন্দারা জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বাড়ির চারজন সদস্য। তারা হলেন- জাওয়াদ আলি, তার মা আলেকজান খাতুন, স্ত্রী ইরা বিবি এবং মেয়ে আরিফা খাতুন।
পুলিশকে লেখা অভিযোগপত্রে আরিফ জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি রাতে চার জনকে খুন করে আসিফ। তাকেও খুন করার চেষ্টা করেছিল সে। কিন্তু কোনোমতে ভাইয়ের নাগাল এড়িয়ে প্রাণে বাঁচেন আরিফ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা