পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ওই চারজন নিহত হয়। এই ঘটনায় আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে রাজধানী পোর্ট অব প্রিন্সে সন্দেহভাজনদের বড় একটি দল এখনো ঘুরে বেড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ প্রধান লিওন চার্লস বলেন, এদের আটক করা হবে অথবা হত্যা করা হবে।
বুধবার নিজ বাড়িতে ক্যারিরীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলিতে ফার্স্টলেডি গুরুতর আহত হন।
.png)
প্রসঙ্গত, ৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন । তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল। ২০১৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে জোভেনেল মইসি বিজয়ী হন। তবে ঐ নির্বাচনে মাত্র ২১ শতাংশ ভোটার অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, হাইতি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম হাইতি প্রজাতন্ত্র। ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপের পশ্চিম এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে রাষ্ট্রটি গঠিত। দ্বীপের বাকি অংশে ডোমিনিকান প্রজাতন্ত্র অবস্থিত।
হাইতির রাজনৈতিক অস্থিতিশীলতার ইতিহাস বেশ দীর্ঘ। দেশটিতে বেশ কয়েকজন স্বৈরশাসক শাসন করেছেন। এদের মধ্যে ফ্রঁসোয়া দুভালিয়ের নাম উল্লেখযোগ্য। ২১০০ শতকের প্রারম্ভে এসে হাইতি একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়নের চেষ্টা করছে।
১৮০৪ সালে হাইতি লাতিন আমেরিকার প্রথম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। এটিই দাসদের সফল বিপ্লবের ফলে সৃষ্ট একমাত্র রাষ্ট্র। হাইতি প্রথমে স্পেনীয় ও পরে ফরাসি উপনিবেশ ছিল। হাইতির সংখ্যাগরিষ্ঠ আফ্রিকান দাসেরা ফরাসি ঔপনিবেশিকদের উৎখাত করলে হাইতি স্বাধীনতা লাভ করে। পর্তোপ্রাস দেশটির রাজধানী ও বৃহত্তম শহর।