ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দিল্লির বিমানবন্দরে বোমাতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ৮ আগস্ট ২০২১
দিল্লির বিমানবন্দরে বোমাতঙ্ক
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআই) বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। সম্প্রতি এক ই-মেইল বার্তার মাধ্যমে এই খবর পাওয়া গেছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

এঘটনায় বিমানবন্দর এলাকাটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিছু খুঁজে পাননি তদন্ত কর্মকর্তারা। পরিস্থিতি স্বাভাবিক থাকায় বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি (বিটিএসি) বিমানবন্দর ত্যাগ করেছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, সন্দেহজনক কিছু পাওয়া না গেলেও অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

Advertisement

শনিবার এয়ারলাইন্স অপারেশন কন্ট্রোল সেন্টারকে (এওসিসি) ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকির কথা জানায় আইজিআই পুলিশ স্টেশন। সে সময় জানানো হয় যে, আইজিআই বিমানবন্দরে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে আল-কায়েদা।

সেখানে করণবীর সুরি ওরফে মোহাম্মদ জালাল এবং করণবীর সুরির স্ত্রী শেইলি শারদা ওরফে হাসিনার সিঙ্গাপুর থেকে রোববার ভারতে আসার কথাও উল্লেখ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তারা আইজিআই বিমানবন্দরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

ওই ইমেইল খতিয়ে দেখতে গিয়ে সিকিউরিটি অপারেশন কন্ট্রোল সেন্টার (এসওসিসি) দেখতে পায় যে, কিছুদিন আগেও একই ধরনের আতঙ্কজনক বার্তা পাঠানো হয়েছিল। এমনকি যে ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে তাদের নামও একই এবং ওই ইমেইলে একই ভাষায় হুমকি দিয়ে বার্তা দেয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক করেছে এসওসিসি এবং দায়িত্বরত কর্মকর্তাদের উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!