অতিবৃষ্টি-বন্যায় মেক্সিকোর এক হাসপাতালে ১৭ রোগীর মৃত্যু
অতিবৃষ্টি ও বন্যায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি হাসপাতালে অন্তত ১৭ রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন করোনা রোগীও রয়েছেন।
দেশটির মধ্যাঞ্চলীয় হিদালগো প্রদেশের একটি হাসপাতালে এই ঘটনা ঘটে। বুধবার কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
মেক্সিকোর কর্মকর্তারা বলছেন, প্রবল বর্ষণ ও এর জেরে সৃষ্ট বন্যার কারণে নদীর পানি উপচে হিদালগো প্রদেশের তুলা শহরের একটি হাসপাতালে ঢুকে পড়ে এবং এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরে রোগীদের এই মৃত্যুর ঘটনা ঘটে।
.png)
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মৃত রোগীদের মধ্যে কয়েকজন করোনা রোগীও রয়েছেন। যারা হাসপাতালের সরবরাহ করা অক্সিজেনের ওপর নির্ভরশীল ছিলেন। হাসপাতালে বন্যার পানি ঢুকে পড়ার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তারা মারা যান।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উদ্ধারকারীরা প্রায় ৪০ জন রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। অন্যদিকে স্থানীয় একজন প্রাদেশিক গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে গেছে। ওই গভর্নরের নাম ওমর ফায়াদ।
পরে অবশ্য টুইটারে দেওয়া এক বার্তায় তিনি ‘নিরাপদে ও ভালো’ আছেন বলে জানান। বন্যা ও দুর্যোগ-পীড়িত অঞ্চলগুলোতে জরুরি উদ্ধার তৎপরতা ও কার্যক্রম এগিয়ে নিতে প্রাদেশিক কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছেন ওমর ফায়াদ।