ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় এক মাসে নষ্ট ১০ লাখ টিকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ৮ ডিসেম্বর ২০২১
নাইজেরিয়ায় এক মাসে নষ্ট ১০ লাখ টিকা
ছবি: সংগৃহীত

নির্ধারিত মেয়াদের মধ্যে না দিতে পারার কারণে নাইজেরিয়ায় নভেম্বর মাসে করোনাভাইরাসের ১০ লাখ ডোজ টিকা নষ্ট হয়েছে। টিকা সরবরাহ ও প্রয়োগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত দুইজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

২০ কোটির বেশি মানুষের দেশ নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ। তবে দেশটির পূর্ণবয়স্ক জনসংখ্যার ৪ শতাংশেরও কম মানুষ এ পর্যন্ত পূর্ণ ডোজ টিকা পেয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।

গত কিছুদিনে আফ্রিকার দেশগুলোতে টিকার সরবরাহ বাড়লেও নতুন সমস্যা দেখা দিয়েছে। আফ্রিকার অনেক দেশই দেখতে পাচ্ছে, যে পরিমাণ টিকা তারা পেয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার মত সামর্থ্য তাদের নেই। আবার যেসব টিকা এসেছে, তার মধ্যে কিছুর মেয়াদও প্রায় ফুরিয়ে এসেছে।

Advertisement

নাইজেরিয়ায় নভেম্বরে যে দশ লাখ ডোজ নষ্ট হয়েছে, সেগুলো অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা। সেগুলো ইউরোপ থেকে পাঠানো হয়েছিল।

জানা গেছে, নষ্ট হওয়া টিকার একটি অংশ নাইজেরিয়া যখন হাতে পেয়েছিল, তখন সেগুলোর মেয়াদ ছিল ৪ থেকে ৬ সপ্তাহ। স্বাস্থ্য কর্তৃপক্ষ চেষ্টা করেও সেগুলো সময়মতো ব্যবহার করতে পারেনি।

মেয়াদ শেষ হওয়ায় ঠিক কত ডোজ টিকা নষ্ট হয়েছে, সরকারিভাবে এখন সেই হিসাব নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। 

রয়টার্সকে ওই কর্মকর্তা বলেছেন, যা কিছু করা সম্ভব নাইজেরিয়া তার সবই করেছে। তবে মেয়াদ প্রায় ফুরিয়ে আসা টিকাগুলো নিয়ে তারা ঝামেলায় পড়েছে।

নাইজেরিয়ায় টিকা কর্মসূচি পরিচালনা করা ন্যাশনাল প্রাইমারি হেলথ কেয়ার ডেভেলপমেন্ট এজেন্সির এক মুখপাত্র বলেছেন, কত টিকা পাওয়া গেছে এবং ব্যবহার করা হয়েছে, সেই হিসাব আগামী কয়েকদিনের মধ্যে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!