ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মালয়েশিয়ায় নৌকাডুবিতে ১১ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ২৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৩, ১৫ ডিসেম্বর ২০২১
মালয়েশিয়ায় নৌকাডুবিতে ১১ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ২৭
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে নৌকাডুবিতে অন্তত ১১ জন ইন্দোনেশীয় অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দেশটির জোহর রাজ্যে এই দুর্ঘটনা ঘটে বলে মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে কমপক্ষে ৬০ জন অভিবাসী ছিলেন বলে ধারণা করছে তারা।

কোস্টগার্ডের প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ জুবিল মাত সুম বলেছেন, টহলরত কোস্টগার্ডের সদস্যরা ৭ জন পুরুষ ও ৪ জন নারীর মরদেহ উদ্ধার করেছেন।

Advertisement

নৌকাডুবির পর ২০ জন পুরুষ ও ২ জন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এসব অভিবাসী পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ার একটি দ্বীপ থেকে এসেছিলেন এবং তারা মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জহর প্রদেশে পৌঁছনোর চেষ্টা করছিলেন।

কোস্টগার্ডের প্রধান বলেছেন, ধারণা করা হচ্ছে, নিখোঁজদের কেউ ডুবে গেছেন অথবা কেউ পালিয়েও থাকতে পারেন। তাদের সন্ধানে কোস্টগার্ডের নৌকা ও হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে। তিনি আরও বলেছেন, ‘এই দুঃখজনক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। আমি অভিবাসীদের অনুরোধ করব, তারা যেন অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ না করেন।’

এশিয়ার দরিদ্র অঞ্চলের দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ধনী দেশ হিসেবে পরিচিত। বর্তমানে দেশটিতে লাখ লাখ অভিবাসী কাজ করছেন, যাদের অধিকাংশই অবৈধ। এসব অভিবাসী মালয়েশিয়ার কৃষি ও অবকাঠামো নির্মাণশিল্পে কাজ করছেন।

প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার অনেকেই নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। অবৈধভাবে প্রবেশের সময় মাঝেমধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!