ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৪, ২৬ ডিসেম্বর ২০২১
বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪১
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার সহিংসতাপূর্ণ দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় সরকারপন্থি একটি মিলিশিয়া বাহিনীর ৪১ সদস্য নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার দেশটির লোরৌম প্রদেশের এক প্রত্যন্ত এলাকায় হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার (ভিডিপি)বাহিনীর সদস্যরা আচমকা হামলার মুখে পড়ে বলে কর্তপক্ষ রোববার এক বিবৃতিতে জানায়।

জঙ্গি-সন্ত্রাস দমনে বুরকিনা ফাসোর সরকারই ভিডিপিকে অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাহিনীটি গঠিত হওয়ার পর বৃহস্পতিবারের আগ পর্যন্ত কখনোই একদিনে তাদের এত সদস্যের মৃত্যু হয়নি।

Advertisement

এর আগে মাসখানেক আগে বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনীর এক চৌকিতে হামলার ঘটনায় ৫৩ জন নিহত হয়েছিল।

“বেদনাদায়ক এ পরিস্থিতিতে এবং সাহসী ভিডিপি সদস্য যারা মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট দেশজুড়ে দুইদিনের শোক ঘোষণা করেছেন, যা রোববার থেকে শুরু হবে,” বিবৃতিতে বলেছেন সরকারের মুখপাত্র আলকাসুম মাইগা।

আফ্রিকার সাহেল অঞ্চলে হাজারো মানুষকে হত্যা এবং ১০ লাখেরও বেশি মানুষকে উদ্বাস্তুতে পরিণত করার জন্য দায়ী ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা মোকাবেলায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে বুরকিনা ফাসোতে কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিরা ওই অঞ্চলের বিভিন্ন দেশের সেনাবাহিনীর ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে।

বুরকিনা ফাসো ও নাইজারের কয়েকশ সেনার যৌথ অভিযানে চলতি মাসের শুরুর দিকে প্রায় ১০০ জঙ্গি নিহত হয়েছে বলেও জানিয়েছে বুরকিনাবে সেনাবাহিনী। ওই অভিযানে বিপুল সংখ্যক বন্দুক, অত্যাধুনিক বিস্ফোরক ডিভাইস ও কয়েকশ মোটরসাইকেল জব্দ হয়েছে বলেও দাবি করেছে তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!