সুদানে সোনার খনিতে ধস, নিহত অন্তত ৩৮
উত্তর আফ্রিকার দেশ সুদানে পরিত্যক্ত একটি সোনা খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানায়নি।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে প্রাণ হারানো ব্যক্তিদের ছাড়াও অন্তত আটজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
.png)
খনি কোম্পানিটি ফেসবুকে দুর্ঘটনার ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে অন্তত দুটি ড্রেজার সম্ভাব্য জীবিত ও মৃতদেহ খুঁজে বের করতে কাজ করা হচ্ছে।
সংস্থাটি বলছে, খনিটি চালু না থাকলেও, এর পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে যাওয়ার পর স্থানীয় খনি শ্রমিকরা সেখানে কাজে ফিরে আসে। তবে ঠিক কবে থেকে খনির কাজ বন্ধ ছিল, তা স্পষ্ট করে বলা হয়নি।
দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য খনি সমৃদ্ধ একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ সুদান। ২০২০ সালে পূর্ব আফ্রিকান দেশটি ৩৬ দশমিক ৬ টন সোনা উৎপাদন করেছিল। দেশটির সরকারি হিসেব মতে, গত বছর আফ্রিকায় দ্বিতীয় সর্বোচ্চ সোনা উৎপাদনকারী দেশ ছিল সুদান।
সংবাদমাধ্যমগুলো বলছে, সুদানে সোনার খনি ধসে পড়ার ঘটনা খুবই সাধারণ। মূলত দেশটির সব সোনার খনির নিরাপত্তার মান সর্বত্র নিরাপদ না হওয়ায় ধসে পড়ার মতো ঘটনা ঘটে।