ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১১ ঘণ্টা বিমানের চাকায় চড়ে আফ্রিকা থেকে ইউরোপ পাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪১, ২৪ জানুয়ারি ২০২২
১১ ঘণ্টা বিমানের চাকায় চড়ে আফ্রিকা থেকে ইউরোপ পাড়ি
ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফোল বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানের চাকার নিচে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে জীবিত পাওয়া গেছে। অথচ এত উচ্চতায় ঠাণ্ডা ও অক্সিজেন স্বল্পতায় দীর্ঘ যাত্রায় ঐ ব্যক্তির বেঁচে থাকাটা বিরল।

১১ ঘণ্টায় কেনিয়ার নাইরোবিতে একটি যাত্রাবিরতিসহ জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছায় মালবাহী বিমানটি।

Advertisement

পুলিশ জানায়, ওই ব্যক্তির বয়স ও জাতীয়তা এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি।

রয়েল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানা হেলমন্ডস বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিমানটির নোজ চাকার অংশে লোকটিকে জীবিত পাওয়া যায় এবং স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, লোকটি এখনও বেঁচে আছেন, এটি আসলেই চমকপ্রদ ঘটনা।

কার্গোলাক্স ইতালিয়া পরিচালিত একটি ফ্লাইট থেকে ঐ ব্যক্তিকে উদ্ধার করার বিষয়টি ই-মেইলে রয়টার্সকে নিশ্চিত করেছে মালবাহী বিমান পরিচালনাকারী সংস্থা কার্গোলাক্সের একজন মুখপাত্র।

ফ্লাইটের তথ্যানুযায়ী, কার্গোলাক্সের মালবাহী বিমানটি রোববার জোহানেসবার্গ থেকে শিফোলে আসার পথে নাইরোবিতে থেমেছিল। লোকটি দক্ষিণ আফ্রিকা নাকি কেনিয়া থেকে বিমানটিতে চড়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!