ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তুষারঝড়, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ৩০ জানুয়ারি ২০২২
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তুষারঝড়, জরুরি অবস্থা জারি
ছবি: সংগৃহীত

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ছে যুক্তরাষ্ট্র। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা এবারের তুষারঝড় গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এরইমধ্যে দেশটির পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে তুষারঝড় কবলিত এলাকাগুলোতে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নর’ইস্টার নামের এ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন। রাস্তাঘাটে তুষারপাতের কারণে গাড়ি চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার আগমুহূর্ত পর্যন্ত নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কিছু কিছু এলাকায় দুই ফুট উঁচু বরফের স্তর জমেছে। ম্যাসাচুসেটসে ৯৫ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। এরইমধ্যে তুষারঝড়ের গতিপথে থাকা নিউইয়র্ক, নিউজার্সি, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নরেরা জরুরি অবস্থা জারি করেছেন। জীবনের নিরাপত্তার জন্য এসব অঙ্গরাজ্যের প্রায় ৭৫ লাখ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞেরা অনেক এলাকায় বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন। রোববার পর্যন্ত তীব্র ঠান্ডা থাকতে পারে বলে জানিয়েছেন তারা।

Advertisement

আরো পড়ুন: বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১১

জানা গেছে, এরইমধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অনেক এলাকা প্রায় ২ ফুট (৬০ সেন্টিমিটার) বরফে ঢেকে গেছে। এর পাশাপাশি শনিবার রাতে মেইন অঙ্গরাজ্য ১২ ইঞ্চি (৩০ সেন্টিমিটার) পর্যন্ত বরফে ঢাকা পড়তে পারে। নিউ ইংল্যান্ড অঙ্গরাজ্য দুই ফুটেরও বেশি গভীর বরফের নিচে ঢাকা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ম্যাথু ক্যাপুচ্চি বলেন, বড় সমস্যা হচ্ছে তীব্র তুষারপাত। প্রতি ঘণ্টায় একটি জায়গায় আট থেকে ১০ সেন্টিমিটার পুরু বরফ পড়ছে। পৃথিবীর কোনো সড়ক পরিচ্ছন্নতাকর্মীর পক্ষেই এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এ কারণে প্রায় সব সড়কই কার্যত বন্ধ হয়ে গেছে।

বোস্টন শহরের মেয়র শনিবার জানান, এ শহর প্রায়ই তুষারঝড়ের কবলে পড়ে। তবে এ ঝড়টি ‘ঐতিহাসিক’ হতে পারে।

ঝড়ের কয়েক ঘণ্টা আগে শনিবার যুক্তরাষ্ট্রের আবহওয়া দফতর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, এই তুষারঝড়ের তীব্রতা এতো দ্রুতগতিতে বৃদ্ধি পাবে যে পূর্ব উপকূলজুড়ে বম্বোজেনেসিস পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ঝড়ের ঠাণ্ডা বাতাস যখন সমুদ্রের উষ্ণ বাতাসের সঙ্গে মিশে বায়ুমণ্ডলের চাপ দ্রুতগতিতে হ্রাস করে তখন সেই পরিস্থিতিকে বলা হয় বম্বোজেনেসিস। বলা হচ্ছে- এর ফলে ভয়ঙ্কর ধরনের সাইক্লোনের সৃষ্টি হতে পারে যা ‘বোম্ব সাইক্লোন’ হিসেবে পরিচিত।

আরো পড়ুন: প্রথমবারের মত আমিরাত সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট

বোস্টনের ন্যাশনাল ওয়েদার সার্ভিস মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই মানুষকে ঘর থেকে বের হওয়া বা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করা উচিত। জরুরি প্রয়োজনে যদি বাইরে ভ্রমণে যেতেই হয় তাহলে শীতের মধ্যে বেঁচে থাকতে সহায়তা করে এমন জিনিস সঙ্গে রাখুন। যাতে রাস্তায় কোথাও আটকা পড়লে, গাড়ির ভেতরেই অবস্থান করা যেতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে এরকম এক ঝড়ে ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে ৭০ সেন্টিমিটার পুরু রেকর্ড পরিমাণ বরফ পড়েছিল। আগের তুলনায় বাতাসের গতি আরও তীব্র হবে এবং সেটি ঘূর্ণিঝড়ের মাত্রায় পৌঁছানোরও সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!