শুক্রবার (২০ মে) কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এই ঘটনা ঘটে। এ সময় উৎসবে জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমার প্রিমিয়ার চলছিল। পরে ওই নারীকে লালগালিচা থেকে সরিয়ে নেয়া হয়।
এর আগে ১৭ মে সাবেক অভিনেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে ভার্চ্যুয়াল বক্তব্য দিয়েছিলেন। জেলেনস্কি গত মাসে বলেছিলেন, রুশ সেনাদের হাতে ইউক্রেনের শত শত নারী ধর্ষণের শিকার হওয়ার তথ্য আছে তদন্তকারীদের কাছে।
.png)
প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হঠাৎ ওই নারী চলে আসেন। এরপর তিনি শরীর থেকে তার পোশাক ছিঁড়ে অর্ধনগ্ন হয়ে যান। লালগালিচায় আলোকচিত্রীদের সামনে হাঁটু গেড়ে বসে সজোরে চিৎকার করতে থাকেন ওই নারী। এ সময় দেখা যায়, তার শরীরে ইউক্রেনের পতাকা আঁকা। পাশে ইংরেজিতে লেখা, ‘আমাদের ধর্ষণ বন্ধ করুন’। এ ছাড়া তার শরীরজুড়ে রক্তের মতো লাল রঙের ছোপ রয়েছে।
পরে চলচ্চিত্র উৎসবের কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীর গায়ে কোট জড়িয়ে দিয়ে তাকে সরিয়ে দেন।
আরো পড়ুন>> আদালত অবমাননা, মোটা অঙ্কের জরিমানা গুনলেন ট্রাম্প
এমনিতেই এবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের প্রধান থিম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ উপলক্ষে ইউক্রেনে রুশ সেনাদের হামলায় নিহত লিথুয়ানিয়ার পরিচালক মান্তাস কেভেদারাভিসিয়াসের তথ্যচিত্র ‘মারিউপোলিস ২’–এর বিশেষ স্ক্রিনিং হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।
বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে।
সূত্র: বিবিসি