ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মোনালিসার চিত্রকর্মে কেক ছুড়ে মারলেন দর্শনার্থী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:০৪, ৩০ মে ২০২২
মোনালিসার চিত্রকর্মে কেক ছুড়ে মারলেন দর্শনার্থী
ছবি: সংগৃহীত

ফ্রান্সের লুভ্যর জাদুঘরে সংরক্ষিত বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসার দিকে কেক ছুড়ে মেরেছেন এক দর্শনার্থী। অবশ্য তাতে চিত্রিকর্মটির কোনো ক্ষতি হয়নি। চিত্রকর্মটির সুরক্ষার জন্য সম্মুখভাগের লাগানো কাঁচের ঢাকনায় লেগেছে সেই কেকের টুকরো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী একজন পুরুষ, বয়স ৩০ কিংবা তার কিছু কম। বয়স্ক এক নারীর ছদ্মবেশ নিয়ে হুইল চেয়ারে করে ল্যুভর জাদুঘরে এসেছিলেন তিনি।

জাদুঘরে এসে ঘুরে দেখতে দেখতে একপর্যায়ে হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মোনালিসার চিত্রকর্মের দিকে এগিয়ে যান সেই ব্যক্তি। চেষ্টা করেন চিত্রকর্মটির সুরক্ষায় থাকা বুলেটপ্রুফ কাচ ভেঙে ফেলার। এতে বিফল হয়েই কেক ছুড়ে দেন। এমনকি মিউজিয়ামে থাকা নিরাপত্তারক্ষীরা থামানোর আগে চিত্রকর্মের দিকে গোলাপও ছুড়ে মারেন তিনি।

Advertisement

নিরাপত্তারক্ষীরা এ সময় সেই যুবককে আটক করে নিয়ে যান। তার নাম-পরিচয়-হামলার উদ্দেশ্য ইত্যাদি বিষয়ে সংবাদমাধ্যমগুলোকে বিস্তারিত তথ্য দিতে সম্মত হয়নি জাদুঘর কর্তৃপক্ষ।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা যখন ওই যুবককে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি চিৎকার করে ফরাসি ভাষায় বলছিলেন, ‘পৃথিবীর কথা ভাবুন, মানুষ পৃথিবী ধ্বংস করে দিচ্ছে। জাদুঘরের প্রতিটি শিল্পকর্ম বলছে— এ পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এ কারণেই আমি এমন করেছি।’

আরো পড়ুন>> সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা চিত্রকর্ম মোনালিসার স্রষ্টা ইউরোপের রেনেসাঁ যুগের ইতালীয় শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি। ১৫০৩ সাল থেকে ১৫০৬ সালের মধ্যে কোনো এক সময়ে পর্যন্ত এই পোট্রেটের কাজ করেছেন তিনি।

মোনালিসার ছবির সবচেয়ে বড় বিশেষত্ত্ব ছবিতে থাকা নারীর ছবির চাহনি ও রহস্যময় হাসি। অধিকাংশ শিল্প-গবেষকের ধারণা, ১৫ শতকের শেষ ও ১৬ শতকের শুরুর দিকে তৎকালীন ইতালির ফ্লোরেন্স নগররাজ্যে বাস করা ব্যবসায়ী ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গারদিনিই মোনালিসা চিত্রকর্মের মডেল হয়েছিলেন। 

অষ্টাদশ শতক থেকে ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত রয়েছে এই চিত্রকর্ম।

অবশ্য মোনালিসার ওপর এই প্রথম হামলা ঘটল— এমন নয়। ১৯১১ জাদুঘরের এক কর্মচারি এই চিত্রকর্মটি চুরি করেছিলেন। তারপর ১৯৫৬ সালে এক দর্শনার্থী ছবিটি লক্ষ্য করে পাথর ছুড়ে মেরেছিলেন। এতে সেটির নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাচের ভেতরে রাখার ব্যবস্থা করা হয়।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!