ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মঞ্চেই অভিনেতার হার্ট অ্যাটাক, ছটফট করতে করতে মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫২, ৪ সেপ্টেম্বর ২০২২
মঞ্চেই অভিনেতার হার্ট অ্যাটাক, ছটফট করতে করতে মৃত্যু!
ছবি: সংগৃহীত

হিন্দু ধর্মের গণেশ চতুর্থী উপলক্ষে আয়োজন করা হয়েছিল হনুমান পালার। সেই পালা বেশ মজা করে দেখছিলেন কচিকাঁচা থেকে বয়স্করা। পালা চলাকালীনই হঠাৎ মঞ্চের মধ্যেই টলতে টলতে বসে পড়লেন হনুমান চরিত্রে অভিনয় করা অভিনেতা। তার পর শুয়ে পড়লেন।

মঞ্চের সামনে বসে থাকা দর্শকরা তখনও হাততালিতে মগ্ন। তারা ভাবছিলেন, হয়তো এটাও সেই পালার কোনও একটি দৃশ্য। মঞ্চে পড়ে তখন ছটফট করছিলেন অভিনেতা। তার পর ধীরে ধীরে স্থির হয়ে গেলেন। তখনও তার কাণ্ড দেখে হাততালি পড়ছিল মঞ্চের চারপাশ থেকে।

যেহেতু পালা চলতে চলতেই এই ঘটনা ঘটেছে, ফলে তার সহকর্মী এবং উদ্যোক্তারাও আঁচ করতে পারেননি, হনুমানের পোশাকের আড়াল থাকা মানুষটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছেন। এর মধ্যেই মঞ্চের পাশে থাকা এক জনকে হাত দিয়ে ঠেলতে দেখা গেল হনুমানের অভিনয় করা ওই ব্যক্তিকে। একটু নড়লেন তিনি। উঠে বসার চেষ্টাও করলেন। কিন্তু পারলেন না।

Advertisement

আরো পড়ুন>> স্কুলেই সন্তান প্রসব, সদ্যোজাতকে ঝোপে ফেলে দিলো ছাত্রী!

বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও যখন মঞ্চে উঠে দাঁড়াচ্ছিলেন না, তখন উদ্যোক্তাদের সন্দেহ হয়। দু’জনকে ওই ব্যক্তির সামনে এসে ওঠানোর চেষ্টা করতেও দেখা যায়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল হনুমানের অভিনয় করা ওই ব্যক্তির।

শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেইনপুরীতে। সেখানকার কোতওয়ালি থানা এলাকায় একটি শিবমন্দিরে হনুমান পালার আয়োজন করা হয়েছিল। সেই পালা চলাকালীনই মৃত্যু হয় হনুমানের অভিনয় করা ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবি শর্মা।

ভিডিওটি দেখুন...

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!