স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করলেন মার্ক জাকারবার্গ
নতুন বছরে ভক্তদের সুখবর দিলেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ। আবারও বাবা-মা হতে চলেছেন জাকারবার্গ ও প্রিসিলা দম্পতি। নতুন বছরের প্রথম দিন নিজেই এ খবর দেন তিনি।
গর্ভবতী স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে ইনস্টাগ্রামে নিজের ছবিও পোস্ট করেছেন জাকারবার্গ। এই নিয়ে তৃতীয়বার বাবা হতে চলেছেন তিনি।
সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার! ২০২৩-এর সমস্ত রোমাঞ্চ এবং ভালবাসা এখানেই রয়েছে। ইনস্টাগ্রাম পোস্টে কালো স্যুট পরে হাসি মুখে দেখা যাচ্ছে জাকারবার্গকে। তার স্ত্রী প্রিসিলারও হাসিমুখ রয়েছে। আরেকটি ছবিতে মার্ক জাকারবার্গের মেয়ের একটি ছবি রয়েছে।
.png)
এর আগে গত সেপ্টেম্বরেই জাকারবার্গ জানিয়েছিলেন, ম্যাক্স ও আগস্টের পর তার ও প্রিসিলার তৃতীয় কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে আগামী বছরে।
আরো পড়ুন>> তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা
জাকারবার্গ লিখেছিলেন, অনেক ভালবাসা। আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন এক বোন পেতে চলেছে। ২০১৫ ও ২০১৬ সালে জন্মেছিল জাকারবার্গের দুই মেয়ে ম্যাক্স ও অগাস্ট। এবার তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
২০০৩ সালে চ্যানের সঙ্গে প্রথম পরিচয় জাকারবার্গের। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি পার্টিতে দেখা হয় তাদের। সেখান থেকে ক্রমেই সম্পর্ক গড়ায় প্রেমে। ২০১২ সালের ১৯ মে চার হাত এক হয় দু’জনের। তবে তাদের এনগেজমেন্টের খবর ফাঁস হয়েছিল তার আগের বছরই।
আরো পড়ুন>> সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২
ধনকুবের বিল গেটস প্রথম সেই খবর বিশ্বকে জানিয়েছিলেন। যদিও প্রথমে জাকারবার্গ সেই কথা অস্বীকার করেন। কিন্তু পরের বছরই গোটা বিশ্ব জানতে পারে জাকারবার্গের সম্পর্কের কথা।
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা জাকারবার্গ নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম তার সাংসারিক জীবনের কথা সবার সঙ্গে শেয়ার করেন। দুই কন্যা ও স্ত্রীর সঙ্গে তার দৈনন্দিন দিনযাপনের নানা মুহূর্ত পোস্ট করেন। গত বছর বিয়ের দশ বছর উদযাপন করতে দেখা যায় চ্যান-জাকারবার্গকে।
সূত্র: এনডিটিভি