ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় আইএস নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ১৮ এপ্রিল ২০২৩
সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় আইএস নেতা নিহত
ফাইল ছবি

সিরিয়ায় এই পর্যন্ত অসংখ্যবার হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় সিরিয়ায় অনেক ঘর-বাড়ি ও বড় বড় স্থাপনা ধ্বংস করা হয়েছে। বাস্তুচুত্য হয়েছেন অনেক সাধারণ নাগরিক।

কিন্তু সিরিয়ায় এবার মার্কিন বাহিনীর হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসআইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টার দিয়ে অভিযান চালানোর সময় তিনি নিহত হন। 

ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টার দিয়ে চালানো ওই অভিযানের মূল টার্গেট ছিলেন আব্দ আল হাদি মাহমুদ আল হাজি। সোমবার সকালে সিরিয়ার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়। আব্দ আল হাদিকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে হামলার মূল পরিকল্পনাকারী এবং আইএসের নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে।

Advertisement

আইএস বিদেশে কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালায় মার্কিন বাহিনী। এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই অভিযানে আইএসের আরো দুই সদস্যও নিহত হয়েছেন। তবে অভিযান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি মার্কিন সেনাবাহিনী।

দুই সপ্তাহ আগেই সিরিয়ার ওই একই অঞ্চলে অভিযান চালিয়ে আইএসের অপর এক শীর্ষ নেতা খালিদ আয়াদ আহমেদ আল জাবুরিকে হত্যা করে মার্কিন সেনাবাহিনী। সে সময় জানানো হয়, জাবুরি ইউরোপ ও তুরস্কে হামলার পরিকল্পনার জন্য দায়ী।

আরো পড়ুন>> মানুষের হাতে পানি পান করছে তৃষ্ণার্ত হায়েনা

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তুরস্ক-সিরিয়ার উত্তর সীমান্তের জারাব্লুস শহরের প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) পশ্চিমে আল-সুওয়াইদাহ গ্রামের একটি ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে আইএস উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। সেসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত প্রায় ৮৮ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল তারা।

কিন্তু তিন বছরের মধ্যে, ২০১৭ সালে সিরিয়া অংশে অধিকৃত অধিকাংশ এলাকা হারায় এ সন্ত্রাসীগোষ্ঠী। তার দুবছর পর, ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও হাতছাড়া হয়ে যায় তাদের।

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ গোষ্ঠীর গোপন হামলাকারী দল বা ‘স্লিপার সেল’ এখনো সক্রিয় আছে। জাতিসংঘের ধারণা, সিরিয়া ও ইরাকে এখনো ৬ থেকে ১০ হাজার আইএস সদস্য রয়েছেন। তারা সিরিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রায়ই বোমা হামলা ও নাশকতা করে থাকেন।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!