সুইডেনে রোলার কোস্টার দুর্ঘটনায় নিহত ১
সুইডেনে রোলার কোস্টার লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছে একজন। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
রোববার (২৫ জুন) রাজধানী স্টকহোমের গ্রোনা লুন্ড বিনোদন পার্কে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, রাইড চলাকালীন রোলার কোস্টারটি আংশিক লাইনচ্যুত হয়, ফলে নিচে পড়ে যায় এতে থাকা বেশ কিছু আরোহী।
.png)
এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক এবং ভয়াবহ বলে বর্ণনা করেছেন বিনোদোন পার্কটির মুখপাত্র আন্নিকা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর শিশু এবং প্রাপ্তবয়স্ক মিলে সাতজনকে হাসপাতালে নেয়া হয়। উদ্ধারকর্মীদের কাজ সহজ করতে পার্কটিও খালি করা হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, রোলার কোস্টারের বগি আরোহী নিয়ে অনেক উঁচু থেকে নিচে পড়ে গিয়েছিল।
তিনি বলেন, “হঠাৎ করেই ধাতব একটি আওয়াজ কানে আসে এবং রাইডটি কাঁপতে শুরু করে।”
দুর্ঘটনার পর রোলার কোস্টারের অন্য বগিগুলোতে আটকে পড়া আরোহীদের সরিয়ে নেন উদ্ধারকারীরা।
প্রসঙ্গত, স্টিলের ট্র্যাকের ওপর দিয়ে ৯০ কিলোমিটার বেগে রোলার কোস্টারটি চলছিল। প্রতি বছর ১০ লাখের বেশি দর্শনার্থী এই পার্কে ভিড় জমায়।
সূত্র: রয়টার্স