ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আকাশ থেকে পড়লো মাছ, বিদ্যুৎহীন পুরো শহর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ১৯ আগস্ট ২০২৩
আকাশ থেকে পড়লো মাছ, বিদ্যুৎহীন পুরো শহর
মাছের এই ছবি ফেসবুকে দিয়েছে সায়ারভিল পুলিশ। ছবি: সংগৃহীত

আকাশ থেকে আস্ত এক মাছ পড়েছিল ট্রান্সফরমারে। এরপরই বিকট শব্দে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। গত ১২ আগস্ট অদ্ভুত এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের সায়ারভিল শহরে। শহরটি নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে রারিটান নদীর তীরে অবস্থিত।

সায়ারভিল পুলিশ ফেসবুক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। 

সায়ারভিলের পুলিশ জানিয়েছে, ওই দিন হঠাৎ শহরের বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এতে পুরো শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। পরে তারা অনুসন্ধানে নেমে দেখে, ট্রান্সফরমারের ওপর একটি মাছ পড়ে আছে।

ওই ঘটনায় সেখানকার ২ হাজার ১০০ গ্রাহককে কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়েছে।

ট্রান্সফরমারের ওপর মাছ এল কীভাবে? নিশ্চয় আকাশ থেকে পড়েছে। পুলিশের ধারণা, আকাশ থেকে মাছ পড়েছে সত্যি, তবে অলৌকিক কিছু নয়; বরং ইগল বা বাজ-জাতীয় কোনো পাখি মাছটি নিয়ে উড়ে যাওয়ার সময় নখর থেকে তা ছুটে ট্রান্সফরমারের ওপর পড়ে গেছে।

সায়ারভিলের পুলিশ মাছের একটি ছবি পোস্ট করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মজাও’ করেছে। ওই পোস্টে লেখা হয়, দয়া করে আমরা যেন এই মৃত্যুর বিষয়টি ভুলে না যাই। তিনি পরিশ্রমী পরিবারের সদস্য ছিলেন। তিনি হাজার হাজার সন্তানের জনক ছিলেন।

একই ফেসবুক পোস্টে সায়ারভিল পুলিশ আরো বলেছে, সন্দেহভাজনকে (পাখি) সর্বশেষ দক্ষিণে উড়ে যেতে দেখা গেছে। তবে কেউ তাকে ধরার চেষ্টা করবেন না। সে অস্ত্রধারী না হলেও বড় ভয়ংকর। যদি তার সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়, তাহলে তদন্ত কর্মকর্তা জন সিলভারের সঙ্গে যোগাযোগ করবেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!