ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত তিন সপ্তাহে গড়িয়েছে। এখনো প্রতিদিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এ সংঘাতে গাজায় নিহত বেড়ে ৮ হাজার ৬০০ জনে পৌঁছেছে। আহত হয়েছে ২৩ হাজারেরও বেশি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৮৫ জনে এবং পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে। এছাড়া গাজায় আহতের সংখ্যা ২১ হাজারেও বেশি এবং পশ্চিম তীরে আহত ২ হাজার ৫০ জন।
.png)
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত দুদিন ধরে ইসরায়েলি বিমানবাহিনী গাজার হাসপাতালগুলোর আশপাশে ক্রমাগত বোমা বর্ষণ করছে। এই অনবরত বোমা হামলায় হাসপাতালগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে উত্তর গাজার নাসের হাসপাতাল ও তুর্কি হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল হাসপাতাল নয়, ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না আন্তর্জাতিক সংগঠনগুলোর স্থাপনাও। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি গুদাম ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।