বুধবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তিনজন নিহতের পাশাপাশি ফিলিস্তিনি উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে আরো তিন সেনা গুরুতর আহত হয়েছেন।
এ নিয়ে গত দুই দিনে গাজায় ইসরায়েলের ১১ সেনা নিহত হলেন।
.png)
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ হাজার। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরো ৭ হাজার মানুষ।
বুধবার (২৭ ডিসেম্বর) ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৮২তম দিন। এদিন গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের নতুন তথ্য প্রকাশ করে।
নতুন তথ্য মতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৫ হাজার ২৪৩ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
তথ্য মতে, এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা ৮ হাজার ৮০০। আর নিহত নারী ৬ হাজার ৩০০ জন। এছাড়া নিহতদের ৩ হাজার ১১১ জন চিকিৎসক ও চিকিৎসাকর্মী। ৪০ জন নিরাপত্তা রক্ষী এবং শতাধিক সাংবাদিক।
সূত্র: আনাদোলু এজেন্সি